TMC Leader : জুয়ার আসরে ধৃত তৃণমূল নেতা – police allegedly arrested a trinamool leader in alipurduar


এই সময়, আলিপুরদুয়ার: জুয়ার আসরে নগদ টাকা-সমেত ধরা পড়লেন আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের প্রভাবশালী তৃণমূল নেতা রসিদুল আলম। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন এক শিক্ষক, একজন প্রাক্তন শিক্ষাকর্মী ও প্রাক্তন গ্রাম পঞ্চায়েত কর্মী। শনিবার রাতে বীরপাড়া থানার পুলিশ রাঙালিবাজার হরিপুরে জুয়ার আসরে হানা দিয়ে ওই তৃণমূল নেতা-সমেত চার জনকে গ্রেপ্তার করে। রসিদুল আলম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। এবারের পঞ্চায়েত ভোটে শাসকদলের প্রতীকে রসিদুল পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হলেও তাঁকে আর কর্মাধ্যক্ষ করেনি তৃণমূল।

জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী বলেন, ‘রসিদুল আলম ছাড়াও আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়ার আসর থেকে নগদ তিন লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।’ এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। মাদারিহাট-বীরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জয়প্রকাশ টোপ্প বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। যা সিদ্ধান্ত নেওয়ার জেলা নেতৃত্ব বিবেচনা করবেন।’ মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, ‘তৃণমূল নেতাদের বিরুদ্ধে তো অভিযোগের শেষ নেই। তবে আমার ধারণা, পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যেহেতু রসিদুল আলম খানিকটা বেসুরো গাইছিলেন তাই তাঁকে ফাঁসানো হয়েছে।’

রসিদুলের হাতেখড়ি হয়েছিল বাম শরিক আরএসপির হাত ধরে। ২০০৫ সাল থেকে তিনি পঞ্চায়েত সমিতির আসনে জিতে তিন তিন বার মাদারিহাট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। ২০১৬ সালে আলিপুরদুয়ার বিধানসভার বিধায়ক সৌরভ চক্রবর্তীর হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে জিতে ফের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হন। বছরের পর বছর ধরে একই পদ আঁকড়ে থাকায় রসিদুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে দলের অন্দরে। এবারের পঞ্চায়েত নির্বাচনে তাঁকে কোনও পদ দেয়নি দল। অভিযুক্ত রসিদুল আলম বলেন, ‘আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। জুয়ার আসর যে বসবে তা আমার জানা ছিল না। আমাকে ওখানে খাওয়ার নিমন্ত্রণ করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *