Jhargram Zoo Leopard : দক্ষিণ থেকে উত্তরবঙ্গে পাড়ি! রাতারাতি ঘর বদল চিড়িয়াখানার ৩ চিতাবাঘের – jhargram zoological park three leopard shifted to north bengal zoo


হঠাৎ ঠিকানা বদল! ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি পুরুষ চিতাবাঘ পাড়ি দিল উত্তরবঙ্গে। ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে চিতাবাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গের কোচবিহার জেলার রসিকবিলে পাঠানো হয়েছে তিনটি পুরুষ চিতাবাঘকে। জানা গিয়েছে, তাদের নাম সোহেল, সুলতান ও শাহজাদ।

এর আগে ঝাড়গ্রামে উত্তরবঙ্গ থেকে সোহেল ও হর্ষিণী নামের দুটি চিতা বাঘ নিয়ে আসা হয়েছিল। বর্তমানে তাদের প্রজননের কারণে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় চিতাবাঘের সংখ্যা হয়ে দাঁড়িয়েছিল ৭টি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে ৭টি চিতাবাঘকে রাখার জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল বলে জানা যায়। আর তাই এই ঠিকানা বদলের সিদ্ধান্ত।

বৃহস্পতিবার সকালে এই তিনটি চিতা বাঘগুলিকে খাঁচায় ভরা হয়েছিল এবং তাদের পিক আপ ভ্যানে করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গে। জানা গিয়েছে, ২০২০ সালের প্রথমদিকে সোহেল ও হর্ষিণী মিলনের ফলে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয় তাদের প্রথম শাবক। যদিও প্রসবের পরে নিজেই শাবকটিকে খেয়ে ফেলে হর্ষিনী। যদিও কয়েক মাসের মধ্যে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পরপর দুটি পুরুষ শাবকের জন্ম দেয় হর্ষিণী। তাদের নাম দেওয়া হয় সুলতান ও শাহজাদ।

তারা দুই জনেই এখন পূর্ণ বয়স্ক বাঘ। চলতি বছরের মার্চ মাসে তৃতীয় বার সন্তান প্রসব করে হর্ষিণী। একটি পুরুষ শাবক ও দু’টি স্ত্রী শাবকের জন্ম দেয় সে। তার সন্তান প্রসবের পর তিনটি শাবককেই বিশেষ নজরদারিতে রেখেছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনটি চিতাবাঘকে মায়ের সঙ্গে এনক্লোজারে ছেড়ে দেওয়া হয়। যার ফলে এনক্লোজারে ৭টি চিতাবাঘ রাখা নিয়ে সমস্যা হচ্ছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষের।

বিষয়টি রাজ্য জু অথরিটিকে জানানো হলে উত্তরবঙ্গে পাঠানোর নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এখন চিড়িয়াখানায় হর্ষিণী ও তার তিন সন্তান রয়েছে। বন দফতরের এক কর্তা জানান, শাল জঙ্গলে ঘেরা মনোরম পরিবেশ রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের ভেতরে। তাই সেখখানে জঙ্গলের মতোই স্বাভাবিক মিলন হচ্ছে চিতা বাঘের।

ভবিষ্যতে তাই চিতা বাঘের সংখ্যা বাড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। চিড়িয়াখানার রেঞ্জ অফিসার অতুলপ্রসাদ দে বলেন, ‘তিনটি চিতাবাঘকে আলাদা আলাদা এনক্লোজারে করে পৃথক তিনটি পিকআপ ভ্যানে কোচবিহারের রসিকবিল মিনি জু তে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের যাতে পথে কোনও অসুবিধা না হয় সেই জন্য সমস্ত রকম জিনিসপত্র সঙ্গে রাখা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *