তবে চাষিদের আগ্রহ সব থেকে বেশি কাটিমন আমে। ৪ থেকে ৬ মিটার উচ্চতা হয় কাটিমন গাছের। জলবায়ুর উপর নির্ভর করে বছরে দুই থেকে তিনবার ফলন হয়। তবে গ্রীষ্ম ও শীতকালে প্রচুর ফুল এলেও এই আমের ফলন সবচেয়ে বেশি হয় বর্ষাকালে। মূলত এই আম অফ সিজনের।
কালনা মহকুমা উদ্যানপালন আধিকারিক লিডিয়া মোচারি বলেন, ‘কাটিমন আমের চারা এবার প্রথম দেওয়া হলো। মহকুমার পাঁচটি ব্লকে হাজারখানেক কাটিমনের চারা বিলি করা হচ্ছে। পরীক্ষামূলক ভাবে দেখা হবে। ভালো ফল মিললে পরে আরও চারা দেওয়া হবে।’ জানান, বিদেশি প্রজাতির এই আমের একটি গাছের জন্য ৫ মিটার বাই ৫ মিটার জায়গা লাগে। প্রতি বিঘায় বসানো যায় ৫০ থেকে ৫৪টি গাছ।
খর্বাকৃতির ওই গাছে ২ বছরের মধ্যেই ফল ধরতে শুরু করে। একটি গাছ থেকে আম পাওয়া যায় ৩০ থেকে ৩৫ কেজির মতো। এদিন কাটিমন আমের চারা পেয়েছেন কালনার বাঘনাপাড়ার চাষি সুবলচন্দ্র দাস। বলেন, ‘যা শুনলাম তাতে এই আম লাভজনক হবে বলে মনে হচ্ছে। ভালো ফলন হলে আমিই এই আমের চারা আরও বসাব।’
