জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছবির প্রচার নিয়ে সমস্যা তুঙ্গে। পুজোয় মুক্তি পেতে চলেছে অনীক দত্তের (Anik Dutta) ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ (Joto Kando Kolkatatei) । সেই ছবির প্রচারে থাকছেন না আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) । কিন্তু কেন থাকছেন না অভিনেতা, তা নিয়ে ওঠে প্রশ্ন। অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরিচালক অনীক দত্ত ও প্রযোজক ফিরদৌসুল হাসান (Firdausal Hasan)। সেই প্রসঙ্গে নিজের কথা জানিয়েছেন আবীরও।
কী ঘটেছে? প্রযোজকের দাবি, গত বছর পুজোয় রিলিজ হওয়ার কথা ছিল ‘যত কাণ্ড কলকাতাতেই’। কিন্তু আবীরের অনুরোধেই নাকি পিছিয়ে দেওয়া হয় ছবির মুক্তি। এবার পুজোতে ছবি রিলিজের ইচ্ছা প্রকাশ প্রযোজকের। এবারেও নাকি আপত্তি আবীরের। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে তিনি নাকি চুক্তিতে আছেন যে তিনি পুজোর সময় আর কোনও ছবির প্রচার করতে পারবেন না।
পরিচালক অনীকের দাবি, শিবপ্রসাদের ছবির থেকে তাঁর ছবি একেবারেই আলাদা। তাই প্রচারে কী সমস্যা তিনি বুঝতে পারছেন না। এমনকী আবীর নাকি তাকে বলেছিলেন যে তিনি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন। এদিকে ২০২৫ সালের পুজোয় ছবি রিলিজ করতেই বদ্ধপরিকর প্রযোজক। ২০২৩ সালে শ্যুট করা ছবিতে লগ্নি করা টাকা নিয়ে বিপাকে পড়েছেন প্রযোজক ফিরদৌসুল হাসান ।
আরও পড়ুন- Vikram Chatterjee: ‘বাবা হলাম…’, সুখবর দিলেন বিক্রম চট্টোপাধ্যায়…
এই প্রসঙ্গে আবীর বলেন, তিনি আগেই জানিয়েছিলেন চুক্তির কথা। এই বছর যে তাঁর ‘রক্তবীজ ২’ মুক্তি পাচ্ছে, তা সকলের জানা। তাই ওই একই সময়ে কীভাবে আরও একটি ছবি মুক্তির সিদ্ধান্ত অন্য ছবির প্রযোজকেরা ভাবলেন তা সত্যিই জানা নেই। আবীর আরও জানান যে একজন অভিনেতা সিদ্ধান্ত নিতে পারেন না, ছবি কখন মুক্তি পাবে। প্রযোজকের সিদ্ধান্ত নিয়ে অভিনেতা হিসেবে তাঁর কিছু বলার থাকতে পারে না। তবে তিনি সবটা জেনেশুনেই সিদ্ধান্ত নিয়েছেন।
আবীরের দাবি, চুক্তির বিষয়টি দূরে সরিয়ে রাখলেও, একজন অভিনেতা কি কখনও চাইবে পুজোয় দর্শক ভাগ হয়ে যাক? তাঁর যদি ছবি মুক্তিতে আপত্তিই থাকত তা হলে শনিবার কেন ছবির প্যাচ ডাবিং করলেন তিনি? তাঁর তো এটা করা উচিত ছিল না বলে তিনি জানান। এছাড়াও আবীর বলেন যে যদি এই ছবি ২০২৪ সালে রিলিজের কথা প্রযোজক ভেবে থাকেন তাহলে সেই ছবির ডাবিং এবছর হচ্ছে কেন?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
