জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ৫ ম্যাচের টি-২০ সিরিজের মাঝেই চলে এল আসন্ন আইপিএল নিয়ে বিরাট আপডেট। রিপোর্ট বলছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ছাব্বিশের আইপিএল নিলাম (IPL 2026 Auction)। ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনও একদিন বসবে খেলোয়াড় কেনা-বেচার বাজার। আইপিএল গর্ভনিং কাউন্সিল এখনও দিনক্ষণ চূড়ান্ত করেনি। তবে মোটামুটি একটা নীলনকশা তৈরি হয়ে গিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। চলে আসছে একের পর এক গরমাগরম আপডেট।
আরও পড়ুন: সূর্য–গিলের আগুনে ইনিংসে জল ঢালল প্রকৃতি! বৃষ্টিতে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত…
মিনি নিলাম
এবার বিসিসিআই ভারতেই মিনি-নিলাম আয়োজন করবে বলেই সম্ভাবনা রয়েছে। এবং বিদেশে নিলাম অনুষ্ঠান নিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই। অতীতে দুবাই (২০২৩) এবং সৌদি আরবের জেদ্দায় (২০২৪) হাই-প্রোফাইল ইভেন্ট আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। খেলোয়াড় ধরে রাখার শেষ তারিখ, মানে ‘রিটেনশন ডেডলাইন’ ১৫ নভেম্বর। ফ্র্যাঞ্চাইজিগুলিকে খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা জমা দিতে হবে বিসিসিআইকে। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) গতবার পয়েন্ট টেবলের শেষ দুই ফ্র্যাঞ্চাইজি ছিল। তারা বাদে বাকি দলগুলি যে, একাধিক খেলোয়াড়কে ছেড়ে দিতে চলেছে, এমন কোনও ইঙ্গিত নেই।
কী হতে চলেছে নিলামে?
পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে এবার স্যাম কারান, ডেভন কনওয়ে, দীপক হুডা, বিজয় শঙ্কর এবং রাহুল ত্রিপাঠীকে ছেড়ে দেবে বলেই আপডেট রয়েছে। ওদিক কিংবদন্তি আর অশ্বিন আইপিএল থেকে অবসর নেওয়ায় সিএসকে-র ৯.৭৫ কোটি টাকার পার্স জুড়েছে। অধিনায়ক সঞ্জু স্যামসন ইতিমধ্যেই রাজস্থান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মহিষ থিকশানাও দল ছাড়তে চলেছেন। মিচেল স্টার্ক, টিম ডেভিড, আকাশ দীপ, ময়াঙ্ক যাদব এবং টি নটরাজনকে নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজতেহতে পারে। তবে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। ভেঙ্কটেশ আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স গতবার ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল। শেষ আইপিএলে চরম হতাশাজনক শোয়ের পর, তাঁকে আর কেকেআরের ধরে রাখার কোনও সম্ভাবনা নেই। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন, বেশ কয়েকটি নিলাম রেকর্ড ভাঙবেন বলেই আশা করা হচ্ছে। আগের নিলামের সময় তিনি আহত হয়েছিলেন।
আরও পড়ুন: শুভমন গিলকে সরিয়ে মসনদে রোহিত শর্মাই! বিশ্বকাপের আগে বিগ ব্রেকিংয়ে ভেঙে পড়ল ইন্টারনেট
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
