জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএল মিনি-নিলামে (IPL 2026 Auction) চমকের পর চমক। মুহূর্তে-মুহূর্তে বাঁধছে ফ্র্যাঞ্চাইজিগুলির দর কষাকষির যুদ্ধ। মঙ্গলবার ১৬ ডিসেম্বর, আবুধাবির এতিহাদ এরিনা রীতিমতো ফুটছে। আর এখন চর্চায় দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার- প্রশান্ত বীর ও কার্তিক শর্মা (Prashant Veer And Karthik Sharma IPL 2026 Auction)। ৯ ফ্র্যাঞ্চাইজিকে মাটি ধরিয়ে জোড়া ‘আনক্যাপড’ (আন্তর্জাতিক ম্যাচ খেলেননি যাঁরা) ক্রিকেটারকে ছিনিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK)!
২৮.৪০ কোটি টাকায় দুই ক্রিকেটার!
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল ৪৩.৪ কোটি টাকা নিয়ে নিলাম বাজারে এসে, প্রশান্ত-কার্তিক কিনতেই খরচ করল ২৮.৪০ কোটি টাকা! সিএসকে এদিনের নিলামে, কেকেআরের পর দ্বিতীয় বৃহত্তম বাজেট নিয়ে এসেছে। প্রথম রাউন্ডে অভিজ্ঞ খেলোয়াড়দের নেওয়ার জন্য তেমন সক্রিয় ছিল না এমএস ধোনিদের টিম। তবে সিএসকে সুযোগের অপেক্ষায় ছিল এবং আর তা আসতেই অনভিজ্ঞ খেলোয়াড়দের নিতেই সবচেয়ে বেশি আগ্রহ দেখাল। লখনউ সুপার জায়ান্টস (এলএসজি), মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রশান্ত-কার্তিককে নেয় হলুদ সেনা। ১৪.২০ কোটি টাকা করে প্রতি ক্রিকেটারকে দিয়েছে।
আরও পড়ুন: ৩০ লাখ থেকে সোজা ৮.৪০ কোটি! নিলামে দিল্লির চমক কাশ্মীরি কোহিনুর, রইল বায়োডেটা…
‘আনক্যাপড’ হয়েও ঐতিহাসিক ১৪ কোটি+ !
প্রশান্ত-কার্তিক, দু’জনেই ৩০ লক্ষ টাকার বেস প্রাইজে নিলামে নাম নথিভুক্ত করিয়ে ছিলেন! বেস প্রাইজের চেয়ে ৪৬৩৩% বেশি দামে বিক্রি হয়ে আইপিএলের নিলাম ইতিহাসে নিজেদের নাম লিখিয়ে ফেললেন। এই দুই খেলোয়াড়ই ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচ না খেলা খেলোয়াড় (ভারত বা অন্য কোনও দেশের হয়ে), যারা ১০ কোটির বেশি দাম পেলেন নিলামে। অতীতে এই রেকর্ড ছিল আবেশ খানের দখলে। ২০২২ সালের মেগা নিলামে লখনউ সুপার জায়ান্টস তাঁকে ১০ কোটি টাকায় কিনেছিল। যা ছিল ভারতের হয়ে তাঁর আন্তর্জাতিক অভিষেকের কয়েক মাস আগের ঘটনা। প্রশান্ত এবং কার্তিক, আইপিএল মিনি-নিলামে বিক্রি হওয়া যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক দামি ভারতীয় ক্রিকেটার। ২০১৫ সালে দিল্লি ক্যাপিটালস যুবরাজ সিংকে ১৬ কোটি টাকায় নিয়েছিল। সিএসকে-র জুটি তাঁকে ছাপিয়ে গিয়েছে। প্রশান্ত এবং কার্তিক সিএসকে-র নিলাম ইতিহাসে কেনা দ্বিতীয় সবচেয়ে দামি খেলোয়াড়ও বটে। ২০২৩ সালের মিনি নিলামে বেন স্টোকসকে নিতে সিএসকে এর চেয়ে বেশি অর্থ খরচ করেছিল। এই দুই অনভিজ্ঞ তরুণ ২০০৮ সালে ফ্র্যাঞ্চাইজিটি প্রতিষ্ঠার পর থেকে নিলামে (রিটেনশন বাদ দিয়ে) সবচেয়ে বেশি দামে কেনা ভারতীয় খেলোয়াড় হিসেবেও দীপক চাহারের রেকর্ড ভেঙে দিয়েছেন।
আরও পড়ুন: নিলাম যুদ্ধের ওপেনিংয়েই বাদশাহর বাজিমাত, ব্যাংক ভেঙে কলকাতা নিল ক্যামেরন গ্রিনকে…
ইতিহাস লেখা প্রশান্ত-কার্তিক কারা?
প্রশান্ত একজন বাঁ-হাতি স্পিনারের পাশাপাশি কার্যকরী ব্যাটারও। উত্তর প্রদেশের ২০ বছর বয়সী বাসিন্দাকে ফ্র্যাঞ্চাইজির তরফে রবীন্দ্র জাদেজার দীর্ঘমেয়াদী বিকল্প হিসেবে দেখা হচ্ছে। সিএসকে-র সঙ্গে জাদেজার ১৩ বছরের সম্পর্ক শেষ হয়েছে। জাদেজা রাজস্থান রয়্যালসে ট্রেড হয়েছেন। অন্যদিকে, কার্তিক ১৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার এবং তিনি রাজস্থানের বাসিন্দা। তাঁকে লোয়ার অর্ডারে একজন আক্রমণাত্মক ব্যাটার হিসেবে দেখা হচ্ছে এবং তিনি ব্যাটিং ইউনিটে বিস্ফোরক শক্তি যোগ করবেন ও এমএস ধোনির উপর থেকে ম্যাচ শেষ করার চাপ কমাতে সাহায্য করবেন বলেই আশা করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
