বাবার নামে বাঘে-গোরুতে একঘাটে জল খায়, মা আবার কংগ্রেস সাংসদ! KKR কাঁপাতে এলেন কে?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবু ধাবিতে (Abu Dhabi) আইপিএল মিনি-নিলামে (IPL Auction 2026) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) রীতিমতো ব্যস্ত পৌনে সাত ঘণ্টা কাটিয়েছে এবং ২০২৬ মরসুমের জন্য দলে মোট ১৩ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। ৬৪.৩০ কোটি টাকার সবচেয়ে বেশি পার্স নিয়ে নিলামে নেমে কেকেআর অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে (Cameron Green) রেকর্ড ২৫.২০ কোটি টাকায় নিয়ে ইতিহাস লিখেছে। ১৩ ক্রিকেটারের মধ্যে একটি নাম আলাদা ভাবে নজর কেড়েছে, তিনি বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ সাংসদ রাজেশ রঞ্জন (MP Rajesh Ranjan) ওরফে পাপ্পু যাদবের (Pappu Yadav) ছেলে সার্থক রঞ্জন (Sarthak Ranjan)।

Add Zee News as a Preferred Source

খুশি হয়ে বাবা লিখলেন

ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করা সার্থককে ৩০ লক্ষ টাকায় কেকেআর দলে নিয়েছে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট লিগে ছেলের সুযোগ পাওয়ার আনন্দে আপ্লুত পাপ্পু। সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন এবং ছেলেকে অভিনন্দন জানিয়েছেন। X হ্যান্ডেলে পাপ্পু লিখেছেন, ‘বাধাই হো বেটু। জমকর খেলো অউর অপনে প্রতিভা কে দম পর আপনি পেহচান বানাও। আপনি চাহাত পুরি করো। অব সার্থক কে নাম পে বনেগি হামারি সরকার।’ বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘অভিনন্দন প্রিয় সন্তান। মন ভরে খেলো। তোমার প্রতিভার জোরে নিজের পরিচয় গড়ে তোলো। তোমার স্বপ্নগুলো পূরণ করো! এখন সার্থকের নামেই আমাদের পরিচয় তৈরি হবে।’

আরও পড়ুন: বেস প্রাইজের চেয়ে ৪৬৩৩% বেশি! ‘আনক্যাপড’ হয়েও ১৪ কোটি, ইতিহাস লেখা প্রশান্ত-কার্তিক কারা?

সার্থকের ক্রিকেটীয় ইতিহাস ও লড়াই

২৯ বছরের সার্থক দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। এখনও পর্যন্ত ২টি প্রথম শ্রেণি, ৪টি লিস্ট-এ ও ৫টি টি-২০ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সার্থক ৯.৩৩-এর গড়ে ২৮ রান করেছেন। লিস্ট-এ ক্রিকেটে তিনি ২৬.২৫ গড়ে ১০৫ রান করেছেন, আর টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩.২০ গড়ে ৬৬ রান করেছেন। তবে দিল্লি প্রিমিয়র লিগে টানা দুই মরসুম ভালো খেলেই সার্থক আইপিএল স্কাউটদের চোখে পড়েছেন। পাওয়ার হিটিংয়ের সঙ্গেই দেখিয়েছেন ধারাবাহিকতা। ডিপিএলে ৯ ম্যাচে একটি সেঞ্চুরি ও চারটি হাফ-সেঞ্চুরি-সহ ৪৪৯ রান করে সার্থক তাঁর স্থানীয় আধিপত্যকে জাতীয় আলোচনার বিষয়ে পরিণত করেছেন। বিরাট কোহলির তীব্রতা এবং হার্দিক পাণ্ডিয়ার নির্ভীকতা থেকে অনুপ্রাণিত সার্থকের স্ট্রাইক রোটেট করা, শট নির্বাচন এবং পরিস্থিতি সম্পর্কে সচেতনতার মতো বিষয়গুলো আরও উন্নত হয়েছে। পাপ্পু যাদবের ছেলে হিসেবে ব্যাপক ভাবে পরিচিতই সার্থকের জীবন দুর্বিসহ করে তুলেছিল। বছরের পর বছর ধরে বাবার পরিচিতির তকমা থেকে বেরিয়ে আসার জন্য লড়েছেন। আইপিএলে তাঁর নির্বাচন রাজনৈতিক পরিচয় থেকে ক্রিকেটীয় যোগ্যতার দিকে এক পরিবর্তনের ইঙ্গিত দেয়। আত্মবিশ্বাসহীনতা ও চাপের কারণে তাঁর কেরিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল। মানসিক ভাবেও তাঁকে লড়াই করতে হয়েছে।

পাপ্পু যাদব কে?

পাপ্পু যাদব বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিহার থেকে ছ’বারের সংসদ সদস্য। বর্তমানে ১৮তম লোকসভায় (২০২৪-২০২৯) পূর্ণিয়া নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন। পাপ্পু আরজেডি, সমাজবাদী পার্টি এবং লোক জনশক্তি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে তিনি ‘জন অধিকার পার্টি’ (লোকতান্ত্রিক) প্রতিষ্ঠা করেন, যা ২০২৪ সালের মার্চে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে একীভূত হয়। বিহারে ‘রবিন হুড’ ইমেজের জন্য পরিচিত পাপ্পু। তাঁর নামে বাঘে-গোরুতে একঘাটে জল খায়। একজন বিতর্কিত ব্যক্তিত্ব তিনি। সমাজসেবার সঙ্গেই  গুরুতর ফৌজদারি অভিযোগের ইতিহাস রয়েছে তাঁর। বিহারে তিনি বাহুবলী নেতা হিসেবেই পরিচিত। পাপ্পুর বিরুদ্ধে ৪১টি ফৌজদারি মামলা রয়েছে। ২০০৮ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর ১৯৯৮ সালের অজিত সরকার হত্যা মামলায় ২০১৩ সালে পাটনা হাইকোর্ট তাঁকে খালাস করেছিল। জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে মৃত্যুর হুমকিও পেয়েছেন পাপ্পু। গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া পাপ্পু প্রায়ই থাকেন খবরে। 

রঞ্জিত রঞ্জন

সার্থকের বাবা পাপ্পুর মতোই তাঁর মা রঞ্জিত রঞ্জনও রাজনীতিবিদ। ছত্তিশগড়ের প্রতিনিধিত্বকারী রাজ্যসভার (ভারতের সংসদের উচ্চকক্ষ) একজন কংগ্রেস সংসদ সদস্য। তিনি মোট তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পাপ্পু-রঞ্জিতের ৩০ বছরের বিবাহিত জীবন। তবে ব্যক্তিগত ও রাজনৈতিক মতপার্থক্যের কারণে গত দেড় থেকে দু’বছর তাঁরা আলাদা থাকছেন। রঞ্জিত প্রকাশ্যে বলেছেন যে, তাঁর স্বামী সম্প্রতি যে মৃত্যুর হুমকি পেয়েছেন, সেই ধরনের রাজনৈতিক বিবৃতি বা বিষয়গুলোর সঙ্গে তাঁর বা তাঁর সন্তানদের কোনও সম্পর্ক নেই। 

আরও পড়ুন: ৩০ লাখ থেকে সোজা ৮.৪০ কোটি! নিলামে দিল্লির চমক কাশ্মীরি কোহিনুর, রইল বায়োডেটা…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *