জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত দম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। ২০২৩ সালের নভেম্বরে আইনি মতে বিয়ে সারেন তাঁরা। তবে বন্ধু তথা সংগীতশিল্পী অনুপম রায়ের (Anupam Roy) প্রাক্তন স্ত্রীকে বিয়ে করায় নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। দীর্ঘ সময় সেই ট্রোলিং নিয়ে নীরব থাকলেও, সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সেই কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরমব্রত।
বিয়ের পর যে ধরণের কুরুচিকর মন্তব্য ধেয়ে এসেছিল, তা দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলেন অভিনেতা। পরমব্রতর কথায়, “বিয়ের পর যখন দেখলাম বীভৎস একটি কাণ্ড শুরু হলো, তখন কিছু দিন আমার উপর তার প্রভাব পড়েছিল। মানুষ যে ধরণের কথা পাবলিক ফোরামে লিখতে পারে, সেই নীতিবোধের মধ্যে দিয়ে আমি বড় হইনি।” তিনি জানান, প্রায় ৪-৫ দিন এই ট্রোলিং তাঁকে মানসিকভাবে ধাক্কা দিয়েছিল। তবে বর্তমানে তিনি এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন এবং ট্রোলারদের কথা গায়ে না মাখার জন্য “গন্ডারের চামড়া” তৈরি করে নিয়েছেন।
২০২১ সালে অনুপম ও পিয়ার বিচ্ছেদের সময় থেকেই পরমব্রতর সঙ্গে পিয়ার পরকীয়ার গুঞ্জন রটেছিল। যদিও অভিনেতা বারবার সেই দাবি অস্বীকার করেছেন। শেষমেশ ২০২৩ সালে তাঁদের বিয়ের পর থেকেই ট্রোলিং চরম আকার নেয়। পরমব্রত স্পষ্ট জানিয়েছেন, এখন থেকে তিনি কোনো মতামত শেয়ার করলে কমেন্ট সেকশন বন্ধ রাখবেন, কারণ এই ধরণের নেতিবাচকতা থেকে তিনি দূরে থাকতে চান।
সব বিতর্ককে দূরে সরিয়ে বর্তমানে পরমব্রত ও পিয়া নিজেদের দাম্পত্য জীবনে অত্যন্ত সুখী। কেবল তাই নয়, গত বছরের ১ জুন তাঁদের কোল আলো করে এসেছে পুত্রসন্তান। বর্তমানে নতুন অভিভাবক হিসেবে ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
