জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৫ সালের শুরুতেই অনেকটা চমক দিয়েই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছিলেন জনপ্রিয় তারকা তাহসান খান। কিন্তু বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই সেই সংসারে বিচ্ছেদের ছায়া। তাহসান নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি এবং তাঁর স্ত্রী রোজা আহমেদ গত জুলাই মাস থেকে আলাদা থাকছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিবাহবার্ষিকী নিয়ে কিছু খবর ছড়িয়ে পড়লে মুখ খুলতে বাধ্য হন অভিনেতা। তিনি বলেন, “খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, কিন্তু ভুল খবর রটা ঠেকাতেই এটা জানানো প্রয়োজন।” তবে কেন এই দূরত্ব তৈরি হলো, তা নিয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ তিনি।
উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। রোজা পেশায় একজন নামী মেকআপ আর্টিস্ট, যাঁর নিউইয়র্কে নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। দীর্ঘ ১১ বছর রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে সংসার করার পর ২০১৭ সালে বিচ্ছেদ হয়েছিল তাহসানের। এরপর দীর্ঘ বিরতি নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি।
তাহসানের এই আকস্মিক বিচ্ছেদের খবরে তাঁর অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন ভক্তরা, যখন প্রিয় তারকা নিজেই সব ধোঁয়াশা কাটাবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
