Zee 24 Ghanta Ananya Samman 2026: পাঠকের মনে ‘হলদে গোলাপে’র সুঘ্রাণ ছড়িয়ে, ‘জলের উপর পানির’ স্রষ্টা- স্বপ্নময় চক্রবর্তীকে অনন্য সম্মানের মুকুট…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরে আবারও ফিরে এল সেই দিনটা। একটা দিন, যখন খবরের গতি একটু থামে, আর মানুষের গল্প একটু ধীরে, একটু গভীরভাবে শোনা যায়। জি ২৪ ঘণ্টা-র ‘অনন্য সম্মান ২০২৬’ সেইসব মানুষদের জন্য, যাঁরা প্রচারের কেন্দ্রে নন, অথচ সমাজের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছেন নীরবে।

Add Zee News as a Preferred Source

কেউ ভোরবেলায় হাসপাতালে ঢোকেন, রাত গভীর করে ফেরেন। কেউ সংস্কৃতির চর্চায় নিজের জীবনটাকেই সঁপে দিয়েছেন। কেউ সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে নিজের স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন। এই সন্ধ্যা তাঁদের নাম উচ্চারণের। এই সন্ধ্যা তাঁদের দীর্ঘ নীরবতার পাশে দাঁড়ানোর।

সম্মান মানে শুধু ট্রফি নয়। সম্মান মানে—একটা স্বীকৃতি, যা বলে, “আপনি একা নন। আপনার পথচলা আমাদের চোখ এড়িয়ে যায়নি।” বছরভর অসংখ্য খবরের ভিড়ে আমরা কখনও কখনও মানুষটার দিকে তাকাতে ভুলে যাই। এই আয়োজন সেই ভুলটা শুধরে নেওয়ার ছোট্ট চেষ্টা।

‘অনন্য’ শব্দটা আজ কোনও বিশেষণ নয়—এটা এক সম্পর্ক। একটা সময়ের সঙ্গে মানুষের, পরিশ্রমের সঙ্গে কৃতজ্ঞতার, নীরবতার সঙ্গে সম্মানের সম্পর্ক। আমরা প্রতিদিন খবর বলি। আজ আমরা কৃতজ্ঞতা বলব।

কারণ সত্যিকারের আলো কখনও মঞ্চে তৈরি হয় না—তা তৈরি হয় মানুষের ভেতরে। আর সেই আলো একবার জ্বলে উঠলে, তা অনেক দূর পর্যন্ত পথ দেখায়। আজকের সন্ধ্যা সেই আলোর দিকেই মাথা নত করার।

সেরকমই একটি নাম স্বপ্নময় চক্রবর্তী…

স্বপ্নময় চক্রবর্তী

চেনা ভূমি থেকেই শুরু তাঁর কথাযাত্রা, কিন্তু নগর-চতুষ্পাঠী পেরিয়ে তিনি এসে দাঁড়ান এক অচেনা গোলাপে। সে-গোলাপ হলদে; পাপড়িতে তার চেনা ছক উল্টে-দেওয়া টেক্সচার। জীবনের কোণে পড়ে থাকা তুচ্ছ আবর্জনা থেকেই লেখা রাঁধেন তিনি– পদগুলি স্বাদু হলেও, জ্বালা থাকে, কেননা, লেখার গহনে তিনি রেখে দেন দেশলাইকাঠির প্রমিত প্রজ্জ্বলন। মননের সঙ্গে পর্যবেক্ষণ, বোধের সঙ্গে ভালোবাসা মিশে রূপ পায় তাঁর স্বপ্ন। স্বপ্ন তিনি শুধু দেখেনই না, দেখানও। ছোট সময়কে বড় সময়ে গেঁথে দেন, জলের উপর পানির মতোই প্রবাহিত করে দেন এককের লড়াইকে। তাঁর অক্ষরমালা প্রায়শই সীমানা ফেলে এগিয়ে পড়ে; তাঁর কলম উদ্ধত লাফিয়ে উঠে ভেঙে দেয় সমস্ত ট্যাবু। নিছক লিঙ্গনির্মিতির ধারাপাতে বন্দি না থেকে সমপ্রেম বা ‘এলজিবিটি’ নিয়ে ভারতীয় তথা বাংলা সাহিত্যের চির-নৈঃশব্দ্যের অবসান ঘটান। কিম্পুরুষদের অন্ধকার যন্ত্রণার কথক হয়ে ওঠেন। এই সময়ের এক মরমি ছোটগল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক।

বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য ‘জি ২৪ ঘণ্টা অনন্য সম্মান ১৪৩২’-য়ে সম্মানিত শ্রীস্বপ্নময় চক্রবর্তী। তাঁকে সম্মান জানাতে পারে সম্মানিত আমরা।

আরও পড়ুন: Zee 24 Ghanta Ananya Samman 2026: পাচারকারীদের চোখে চোখ রেখে নাবালিকাদের বাঁচিয়ে ‘অনন্য সাধারণ’ শিল্পী পাল…

আরও পড়ুন: Zee 24 Ghanta Ananya Samman 2026: পরিবেশের প্রতি অটুট ভালোবাসায় ৬৬ বছর ধরে ৫ কিমি পথ ঝাড়ু হাতে সাফ করে অনন্য সাধারণ অশোক পাল…
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *