জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রহ্মপুত্রের স্রোতটান, দেশভাগের যন্ত্রণা, অজন্তার গুহাচিত্রের নিবিড় ছায়া—সব মিলেমিশে তাঁর মননে তৈরি করেছে এক গভীর ভূদৃশ্য। ফিগারেটিভ আর্ট থেকে দেহাতীত বিমূর্ততায় উত্তরণ; ‘বেঙ্গল স্কুল’-এর ঐতিহ্য থেকে ইউরোপীয় আধুনিকতার সংলাপ; মূর্ততার ভিত ভেঙে অ্যাবস্ট্র্যাক্ট এক্সপ্রেশনিজম, তারপর ধীরে ধীরে পৌঁছনো ‘পোয়েটিক অ্যাবস্ট্রাকশনে’—এই দীর্ঘ অভিযাত্রা কি কেবল শৈলীর বদল? নাকি হারানো সময়ের দুখজাগানিয়া স্মৃতির ভিতর দিয়ে এক শিল্পীর নিজেকে খুঁজে পাওয়া? তাঁর ক্যানভাসে যে ল্যান্ডস্কেপ দেখা যায়, তা কি আসলে অন্তর্লোকেরই মানচিত্র?
ল্যান্ডস্কেপ থেকে সহসাই ইনারস্কেপে ঢুকে পড়েন তিনি। ক্রমবিবর্তিত সেই ভূমিতল—আদিগন্ত আলো-হাওয়া-আকাশে ভেজা—ছবিকে পৌঁছে দেয় এক ভিসুয়াল মেডিটেশনে। রং-রেখা সেখানে নিছক উপাদান নয়, তারা যেন শ্বাস নেয়। প্রকৃতি, সময় ও স্মৃতিকে গাঁথতে-গাঁথতে তিনি এগোন; সঙ্গে থাকে রূপের নৈঃশব্দ্য, বিন্যাসের সাম্য, ‘টুডা টুডা আসমান’-এর অনন্ত প্রসার। তাঁর ‘ফিলিং আই’ চারপাশ থেকে অনায়াসে তুলে আনে বস্তুর চারুত্ব, আলোছায়ার গোপন ক্রিয়া, ধ্যানস্থ জ্যামিতির স্থিরতা। এই দেখাই তাঁর শক্তি—দেখার ভিতর দিয়ে দেখা।
শিকড়ে রয়েছে নদী-ভূমির টান, দেশভাগের ক্ষতচিহ্ন; শিল্পশিক্ষায় পেয়েছেন বিনোদবিহারী মুখোপাধ্যায়-এর প্রভাব, আর দৃষ্টিভঙ্গির প্রসারে ছায়া ফেলেছে পাবলো পিকাসো ও অঁরি মাতিস-এর আধুনিকতার সাহস। কিন্তু অনুকরণে নয়, আত্মীকরণে তাঁর বিশ্বাস। রাগসংগীতের আলাপ, উপনিষদের অন্তর্লীন দর্শন, লোকশিল্পের মাটির গন্ধ—সব মিলিয়ে তাঁর কাজে তৈরি হয় এক নিজস্ব ব্যাকরণ। রঙের স্তরে স্তরে যেমন মাটি জমে, তেমনই জমে সময়; কখনও জলরঙের স্বচ্ছতায়, কখনও অ্যাক্রিলিকের ঘন টানে, কখনও আবার রেখার ক্ষীণ কম্পনে।
ভারতীয় আধুনিক শিল্পের পরিসরে তিনি নিছক এক নাম নন; তিনি এক ধারার নির্মাতা। প্রদর্শনী হয়েছে দেশ-বিদেশে, তাঁর কাজ সমাদৃত হয়েছে নানা সংগ্রহে। শিল্পচিন্তক ও লেখক হিসেবেও তাঁর কণ্ঠ স্বতন্ত্র—শিল্পের ভিতরকার নীরবতা নিয়ে তাঁর ভাবনা আজও প্রাসঙ্গিক। তাই তাঁকে অনেকেই বলেন ‘মাভেরিক অফ মডার্ন ইন্ডিয়ান আর্ট’—নিজস্ব পথে হাঁটার নির্ভীক স্রষ্টা।
ভারতীয় চিত্রকলায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জি ২৪ ঘণ্টা অনন্য সম্মান ১৪৩২’-এ সম্মানিত শ্রীগণেশ হালুই। তাঁকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা—কারণ তাঁর শিল্প আমাদের শেখায়, ভূদৃশ্য যত দূরেই যাক, শেষ পর্যন্ত তা ফিরে আসে অন্তরের আকাশে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
