জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বনগাঁর নয়া গোপালগঞ্জের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং উদ্যোক্তা তনয় শাস্ত্রীর (Tanay Sastri) বিবাদ এবার চরমে। সশরীরে হেনস্থা ও মানহানির অভিযোগে তনয়কে ২ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছেন মিমি। অন্যদিকে, তনয় শাস্ত্রীও পাল্টা মিমির বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলে ২২ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন।
মিমি চক্রবর্তীর আইনজীবী আদিত্য কানোডিয়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, গত ৪ ফেব্রুয়ারি তনয় শাস্ত্রীকে ২ কোটি টাকার আইনি নোটিশ পাঠানো হয়েছে। মিমির অভিযোগ, ওই অনুষ্ঠানের রাতে তনয় তাঁর সঙ্গে যে আচরণ করেছেন, তাতে তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং তিনি চরম মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। হেনস্থা ও মানহানির জেরেই এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন অভিনেত্রী। ইতিপূর্বেই এই ঘটনায় আদালতে নিজের গোপন জবানবন্দিও দিয়েছেন মিমি।
জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর জ্যোতিষী তনয় শাস্ত্রী দমে যাননি। তাঁর দাবি, মিমি নির্ধারিত সময় রাত ৯টার পরিবর্তে পৌনে ১২টায় স্টেজে ওঠেন, যা চুক্তিভঙ্গ। তনয় অভিযোগ করেছেন, মিমি জনসমক্ষে তাঁকে অপমান করেছেন এবং অকারণে পুলিশি হেনস্থার শিকার বানিয়েছেন। এর বদলে তিনি মিমির কাছে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং অনুষ্ঠানের পারিশ্রমিক বাবদ দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরত চেয়েছেন।
নয়াগোপালগঞ্জ যুবক সঙ্ঘ ক্লাবের সেই অনুষ্ঠানে মিমি গান গাওয়ার সময় তনয় স্টেজে উঠে তাঁকে নেমে যেতে বলেন বলে অভিযোগ। মিমি অপমানিত বোধ করে ই-মেলে অভিযোগ জানান, যার ভিত্তিতে তনয়কে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে দুই পক্ষের আইনজীবীর লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে টলিপাড়া।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
