কিরণ মান্না: হাসপাতালের ছাদ থেকে ‘জয় শ্রীরাম’ (Jai Sriram) বলে রোগীর মরণঝাঁপ, আশঙ্কাজনক অবস্থায় পরে ফের ভর্তি। কিন্তু উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে।
রামনাম থেকে বিদ্যুতের তার
পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালের ছাদ থেকে ‘জয় শ্রীরাম’ বলে রোগীর মরণঝাঁপ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় ওই রোগীকে উদ্ধার করে ফের হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঝাঁপ দিয়ে প্রথমে ইলেকট্রিকের তারে জড়িয়ে যান তার পর নীচে পড়েন।
কে এই রোগী?
প্রাথমিক প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েকদিন আগে অসুস্থতার কারণে ওই রোগী, যাঁর বয়স প্রায় ৫০, হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের এক্সট্রা ১২ নম্বর বেডে তাঁর চিকিৎসা চলছিল। তাঁর পরিবারের কোনও লোকজনের খোঁজ জানা যায়নি। রোগীর নাম-পরিচয়ও এখনও জানা যায়নি।
উদাসীন হাসপাতাল
অভিযোগ, হাসপাতালের নিরাপত্তা এড়িয়ে কীভাবে ওই রোগী ছাদে উঠলেন এবং সেখান থেকে ঝাঁপ দিলেন? উঠছে একাধিক প্রশ্ন। ঝাঁপ দেওয়ার পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সেই সময়ও হাসপাতালের নিরাপত্তাকর্মী বা কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি বলে অভিযোগ।
ঘোর উত্তেজনা
ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা ছুটিতে রয়েছেন বলে জানা যায়। হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কাউকেই এ বিষয়ে মুখ খুলতে শোনা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
