পূর্ব মেদিনীপুরে গানের আসরে অশান্তি, মঞ্চেই হেনস্থার অভিযোগে থানায় শিল্পী লগ্নজিতা চক্রবর্তী | unrest at a musical event in purba medinipur, singer lagnajita chakraborty lodges police complaint alleging harassment on stage


News

oi-Debashis Datta

সংস্কৃতির মঞ্চে অস্বস্তিকর ঘটনার সাক্ষী রইল পূর্ব মেদিনীপুর। গানের অনুষ্ঠানে মঞ্চে উঠে হেনস্থার শিকার হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। ঘটনার পর ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়েছিলেন লগ্নজিতা। শিল্পীর দাবি, অনুষ্ঠান শুরু থেকে দীর্ঘ সময় পর্যন্ত কোনও বিশৃঙ্খলা ছিল না। সন্ধ্যা সাতটা নাগাদ অনুষ্ঠান শুরু হলে পরে প্রথম তিনটি গান নির্বিঘ্নে পরিবেশনের পর তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়। প্রায় ৭টা ৪৫ মিনিটে সপ্তম গান শেষ করার পর অষ্টম গানে যাওয়ার আগে দর্শকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

ঠিক সেই সময়েই আচমকা দর্শকদের আসন থেকে এক ব্যক্তি উঠে এসে মঞ্চে চড়াও হন বলে অভিযোগ। শিল্পীর বক্তব্য, ওই ব্যক্তি তাঁকে মারধরের চেষ্টা করেন। তবে উপস্থিত দর্শক ও আয়োজকদের তৎপরতায় অভিযুক্তকে ধরে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

লগ্নজিতার অভিযোগ, ‘দেবী চৌধুরাণী’ ছবির ‘জাগো মা’ গানটি পরিবেশনের কিছুক্ষণ পর থেকেই ওই ব্যক্তি অশালীন মন্তব্য করতে থাকেন। লিখিত বার্তায় শিল্পী জানিয়েছেন, অভিযুক্ত মেহবুব মল্লিক তাঁকে উদ্দেশ করে চিৎকার করে বলেন “অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গান গাও।” এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং তৎক্ষণাৎ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ঘটনার পর রাতেই ভগবানপুর থানায় গিয়ে সবিস্তার অভিযোগ জানান শিল্পী। পুলিশ তাঁকে একটি জেনারেল ডায়েরি করার পরামর্শ দেয়, যা তিনি করেন। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক। তাঁকে ধরতে রাতভর তল্লাশি চালানো হয়েছে ও অনুসন্ধান এখনও চলছে।

পুলিশের তরফে আরও জানানো হয়েছে, শিল্পীর সঙ্গে সরাসরি কথা বলে তাঁকে নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, অনুষ্ঠানস্থলে কোনও নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে দিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed