Kolkata
-Ritesh Ghosh
নির্বাচনী ফল প্রকাশের পর তৃণমূলের প্রথম সম্মিলিত কর্মসূচিতেই ধাক্কা খেল দল। বুধবার বিধানসভায় হকার উচ্ছেদ, ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভের আয়োজন করেছিল দল, কিন্তু অর্ধেকের বেশি বিধায়ক অনুপস্থিত থাকায় জল্পনায় জল পড়েছে। একইসঙ্গে বিতর্কও তৈরি হয়েছে।
৮০ জন নির্বাচিত বিধায়কের মধ্যে বিক্ষোভে যোগ দিয়েছেন মাত্র ৩০ জন। ৫০ জন বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রধান বিরোধী দল ও দলের অন্দরেই তীব্র জল্পনা শুরু হয়েছে।

বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ অবশ্য বিভেদের জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘গতকাল দলের বৈঠকে যাঁরা এসেছিলেন, তাঁরা প্রত্যেকেই আজ এসেছেন। বিরোধীরা যাই বলুক আমরা সবাই একসঙ্গেই আছি।’
দলের বিপর্যয় সামাল দিতে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দফায় দফায় বৈঠক করছেন। গতকাল বিধায়কদের খোলা মনে মতামত জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। আজ ফের কালীঘাটে দলের নেতাদের সঙ্গে বসবেন তৃণমূলনেত্রী। এর আগে তিনি বলেছিলেন, ‘যাঁরা দল ছাড়তে চান তাঁরা চলে যেতে পারেন।’
ঘটনা হল, ভোটে হারার পর থেকে যেন উবে গিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। ফলে আগামিদিনে দলের হাল জেলায় জেলায় কে ধরবেন তাই এখন দলের কাছে প্রশ্নচিহ্ন হয়ে দেখা দিয়েছে।
