পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা সম্প্রসারণ! সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন নতুন মন্ত্রী | পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা সম্প্রসারণ: সোমবার ৩৫ জন নতুন মন্ত্রীর শপথ | West Bengal Cabinet Expansion


West Bengal

-Ritesh Ghosh

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর এবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে নতুন করে ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই খবরটি সমাজমাধ্যমে নিশ্চিত করেছেন।

এদিন রবিবার মুখ্যমন্ত্রী জানান, “আগামিকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভার সম্প্রসারণের উদ্দেশে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আরএন রবি মহোদয় তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।”

গত ৯ মে রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠিত হয়। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার ব্রিগেডের মাঠে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে সেদিন আরও কয়েকজন মন্ত্রী শপথ নিয়েছিলেন।

সোমবারের এই শপথগ্রহণের পর রাজ্য মন্ত্রিসভার মোট মন্ত্রীর সংখ্যা দাঁড়াবে ৪১-এ। আইন অনুযায়ী, পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন। তাই বিজেপি এই নতুন মন্ত্রিসভা গঠনের মাধ্যমে অনুমোদিত সর্বোচ্চ সংখ্যার প্রায় কাছাকাছি পৌঁছবে।

যদিও কারা মন্ত্রী হচ্ছেন, সেই বিষয়ে বিজেপি সূত্রে এখনও কোনও নির্দিষ্ট ইঙ্গিত মেলেনি। তবে বেশ কিছু নাম নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলে তাপস রায়, স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, অর্জুন সিং, ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় এবং দুধকুমার মণ্ডল, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী ও অশোক দিন্দাদের মতো কয়েকজনের মন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

সোমবার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু নতুন মন্ত্রীদের মধ্যে দফতরের দায়িত্ব বণ্টন করবেন। এই প্রক্রিয়ায় বর্তমানে যারা মন্ত্রিত্বে রয়েছেন, তাঁদের দায়িত্ব কিছুটা কমানো হতে পারে। একইসাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই অর্থ, তথ্য ও সংস্কৃতি দপ্তর নিজের হাতে রাখতে পারেন বলেও খবর।

উত্তরবঙ্গ থেকে একটা বড় সংখ্যার বিধায়ক মন্ত্রিত্ব পেতে চলেছেন বলে খবর। সবমিলিয়ে অভিজ্ঞতা ও তারুণ্য মিশ্রিত বিজেপি মন্ত্রিসভা গঠিত হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *