মারাত্মক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। মৃতেদহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। লরিটিকে আটক করেছে পুলিশ। যদিও লরি চালক সেখান থেকে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। রাস্তার উপর সাতসকালে এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। বাজার চলাকালীন যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে বিকট শব্দ ও চিৎকার চেঁচামেচি শুনতে পাই, বেরিয়ে দেখে রাস্তায় প্রচুর ভিড় জমে গিয়েছে। সবজি বাজারে ফসল বিক্রি করতে আসা একজন চাষি বালি বোঝাযই একটি লরির পিছনের চাকায় পিষ্ট হয়ে মারা গিয়েছেন। খুবই মর্মান্তিক ঘটনা।” স্থানীয় ব্যবসায়ী বাবু পাল বলেন, “উনি সাইকেলে করে সবজি নিয়ে আসছিলেন। তখনই লরিটি পিছন থেকে এসে তাঁকে পিষে দিয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। এলাকায় পুলিশি নজরদারি ও যান চলাচল নিয়ন্ত্রণ প্রয়োজন।” স্থানীয় বাসিন্দা ও ব্যবসাদারদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, প্রত্যেকদিন সকালবেলায় রাস্তার উপর এই বাজারে প্রচুর মানুষ সবজি নিয়ে আসেন। ভিড়ের কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, এমনকি ট্রাফিকের ও সমস্যা হয়। দুর্ঘটনা এড়াতে যদি সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয় তাহলে ভালো হয়।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
