Priyanka Chopra| Rituparna Sengupta: প্রিয়াঙ্কা চোপড়ার ছবিতে ঋতুপর্ণা, শ্যুটিং শুরু ২০২৩-এ


Priyanka Chopra, Rituparna Sengupta, শুভঙ্কর চক্রবর্তী: দীর্ঘ কয়েক বছর কিছু আইনি জটিলতা ও তারপর করোনার কারণে বন্ধ ছিল ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি। তবে সেই পর্ব পেরিয়ে শুরু হয়েছে দুই বাংলার যৌথ প্রযোজনায় নয়া ছবির শ্যুটিং। ছবির নাম ‘স্পর্শ’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্পর্কের গল্প বলবে এই ছবি। ছবি পরিচালনায় রয়েছেন এপার বাংলার অভিনন্দন দত্ত ও ওপার বাংলার অনন্য মামুন। সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে ছবির শ্যুটিং। সেই শ্যুটিং ফ্লোর থেকেই এক্সক্লুসিভলি জি ২৪ ঘণ্টার সঙ্গে একটি নয়া ছবির খবর শেয়ার করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

আরও পড়ুন- Shah Rukh Khan: শাহরুখকে আটক করা হয়নি বিমানবন্দরে, তাহলে ঠিক কী ঘটেছিল?

সম্প্রতি লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন ঋতুপর্ণা। তিনি লস অ্যাঞ্জেলসে আছেন শুনে তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানান প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। অভিনেত্রীর কথায়, ‘আন্টি আমায় খুবই স্নেহ করেন। তিনি আমায় বলেন, তুমি এলএ-তে এসেছ অবশ্যই আমাদের বাড়ি এসো। তাঁর আমন্ত্রণেই একদিন প্রিয়াঙ্কা ও নিকের বাড়ি যাই। খুবই সুন্দর বাড়ি ওঁদের। প্রিয়াঙ্কা সেই সময় ভারতে ছিল তাই ওঁর সঙ্গে দেখা হয়নি, তবে পুরো জোনাস পরিবার সেখানে ছিল। খুবই ভালো ওঁরা। আমরা একসঙ্গে হাইটি-তে যোগদান করেছিলাম। প্রিয়াঙ্কার প্রোডাকশনে একটা ছবি করার কথা আগেই হয়েছিল। আগামী বছর ২০২৩-এ তার শ্যুটিং শুরু হবে বলে আশা করা যায়।’

আরও পড়ুন-Salman Khan on Varun Dhawan: বিগ বসে সলমানের আভাস! বাবা হতে চলেছেন বরুণ ধাওয়ান?

প্রিয়াঙ্কা চোপড়ার প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘খুব গর্ব হয় প্রিয়াঙ্কার জন্য। আমেরিকায় গিয়ে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তা সত্যিই অসাধারণ’। জন্মদিনের ঠিক আগেই আমেরিকায় গিয়েছিলেন তিনি। আমেরিকা সফরে বস্টনে ছেলের সঙ্গেও সময় কাটিয়েছেন অভিনেত্রী। যেহেতু জন্মদিনটা প্রায় বিমানেই কেটে যাবে তাঁর। তাই আমেরিকাতেই তাঁর জন্য একটি কেক কাটিং সেরেমনি আয়োজন করেছিলেন তাঁর অনুরাগীরা। জন্মদিনে মাত্র ২ ঘণ্টার জন্য কলকাতায় এসেছিলেন ঋতুপর্ণা। তার মাঝেই তাঁর কাছের বন্ধুরা তাঁকে সারপ্রাইজ পার্টি দেন। আবার সেদিন রাতেই পাড়ি দিয়েছিলেন সিঙ্গাপুরে, সেখানেও তাঁর জন্য পার্টি দিয়েছিলেন অভিনেত্রীর স্বামী সঞ্জয় চক্রবর্তী। তবে জন্মদিন কাটিয়ে শ্যুটিং ফ্লোরে ফিরেছেন তিনি। শুরু হয়েছে ‘স্পর্শ’-র শ্যুটিং। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে এপার বাংলার খরাজ মুখোপাধ্যায় ও ওপার বাংলার নীরব হোসেনকে। পরিচালনা এবং অভিনয়ে যেমন দুই বাংলার শিল্পীরা রয়েছেন তেমনই প্রযোজনার দায়িত্বে আছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এবং ভারতের তথা কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন।

  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *