CBI In Asansol Special Correctional Home : অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জেরা করতে ফের আসানসোল সংশোধনাগারে (Asansol Special Correctional Home) সিবিআই। CBI এর দুই সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছয় সংশোধনাগারে।
হাইলাইটস
- অনুব্রত মণ্ডলকে জেরা করতে ফের আসানসোল সংশোধনাগারে CBI
- শনিবার বিকেলে CBI-এর 2 সদস্যের একটি প্রতিনিধি দল আসানসোল সংশোধনাগারে পৌঁছয়
- অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি
অনুব্রতর গ্রেফতারি
বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) গ্রেফতার করে। তারপর থেকেই অনুমান করা হয়েছিল যে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের মতো তাঁকে দিল্লিতে নিয়ে যেতে পারে ইডি। এদিকে বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে গিয়ে ইডির তদন্তকারী (ED Officer) অফিসাররা অনুব্রত মণ্ডলকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জেরা করেছিলেন। কিন্তু, তাঁদের অভিযোগ অনুব্রত মণ্ডল তদন্তে তেমন সহযোগিতা করেননি। বরং আধিকারিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বিভ্রান্তিমূলক উত্তর দিয়েছেন। আর এরপর তাঁকে গ্রেফতার করে দিল্লিতে নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। কিন্তু, ইডি সূত্রে দাবি, ‘অ্যারেস্ট মেমো’-তে সই করেননি তৃণমূলের এই দাপুটে নেতা। এতেই সমস্যায় পড়েন ইডি আধিকারিকরা।
অ্যারেস্ট মেমোতে অনুব্রতর সই
জানা গিয়েছে, গোরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অভিযুক্ত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) অ্যারেস্ট মেমোতে সাক্ষর না করায় তাঁকে কোর্টে পেশের জন্য দরকার ওয়ারেন্ট। সেই ওয়ারেন্ট আনতে ইডি আধিকারিকরা দিল্লির দ্বারস্থ হয়েছিলেন। দিল্লিতে ইডি হেড অফিস থেকে কোর্টে নিয়ে যাওয়ার ওয়ারেন্ট জারি করা হলেই তবেই অনুব্রতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট-এর আধিকারিকরা। সেই মতো দিল্লির বিশেষ আদালতে আবেদন করা হয়েছিল। পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে মঙ্গলবার।
এদিকে ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পাবে কিনা সেই সংশয়ের মধ্যেই ফের একবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল সংশোধনাগারে পৌঁছল সিবিআই (CBI)। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই প্রতিনিধির একটি দল সংশোধনাগারে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এমনকী, শুক্রবার সংশোধনাগারে গিয়েছিলেন কেষ্টর আইনজীবীরাও। প্রায় এক ঘণ্টা ধরে সেখানে ছিলেন তাঁরা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
