জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলে শনিবার ইন্সটাগ্রামে জানিয়েছে যে তিনি ‘শক্তিশালী’ বোধ করছেন এবং তাকে এন্ড অফ লাইফ সাপোর্টে স্থানান্তরিত করার খবরের পরে সবাইকে ‘শান্ত ও ইতিবাচক’ থাকার আহ্বান জানিয়েছেন। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি তিনটি ফুটবল বিশ্বকাপ জিতেছেন। পেলে কোলন ক্যান্সারের জন্য চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শনিবার ব্রাজিলের একটি সংবাদপত্র জানায় যে ৮২ বছর বয়সী পেলে কেমোথেরাপিতে সাড়া দেওয়া বন্ধ করার পরে তাঁর পালিয়টিভ কেয়ার নেওয়া হচ্ছে। এই খবর শোনার পরেই সারা বিশ্ব প্রার্থনা শুরু করে তার দ্রুত সুস্থতার জন্য।
ফিফা বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স যেমন বার বার রক্তচাপ বৃদ্ধির কারণ হয়েছে সমর্থকদের কাছে, তেমনই পেলের শারীরিক সংকট দুশ্চিন্তা বাড়িয়েছে ভক্তদের। প্রথম দুই ম্যাছে ভালো খেলেও গ্রুপের শেষ ম্যাচে হেরে যায় ব্রাজিল। তেমনই ৩০ নভেম্বর গোটা দুনিয়ার চিন্তা বাড়িয়ে ফের একবার আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। যদিও সেই রাতেই ব্রাজিলের জীবন্ত কিংবদন্তির কন্যা কেলি ন্যাসিমেন্টোর (Kely Nascimento) দাবি ছিল, তিনবারের বিশ্বকাপ জয়ী তাঁর বাবা এখন অনেকটা স্থিতিশীল। পাশাপাশি বৃহস্পতিবার পেলে নিজেও জানান তিনি সুস্থ আছেন। যদিও ২৪ ঘণ্টা ঘুরতেই ফের খারাপ খবর আসতে শুরু করে পেলেকে নিয়ে। অবশেষে ফের একবার নিজের সুস্থতার কথা জানিয়েছেন কিংবদন্তী।
পেলের সর্বশেষ মেডিকেল আপডেট তার ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছে যে ব্রাজিলিয়ান কিংবদন্তি ভালো রয়েছেন। তিনি ইন্সটাগ্রামে লিখেছেন, ‘আমার বন্ধুরা, আমি সবাইকে শান্ত এবং ইতিবাচক রাখতে চাই। অনেক আশা নিয়ে আমি শক্তিশালী রয়েছে এবং আমার চিকিৎসা চলছে। আমি যে যত্ন পেয়েছি তার জন্য আমি সম্পূর্ণ মেডিকেল এবং নার্সিং টিমকে ধন্যবাদ জানাতে চাই। ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস এবং সারা বিশ্বের কাছ থেকে আমি যে ভালবাসার বার্তা পেয়েছি তা আমাকে শক্তিতে পূর্ণ রাখে। এবং ব্রাজিলের বিশ্বকাপে খেলাও। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ’।

এর আগে বাজিলের সংবাদপত্র আরও দাবি করে যে কেমোথেরাপি এখন স্থগিত করা হয়েছে এবং ব্যথা এবং শ্বাসকষ্টের মতো লক্ষণগুলির জন্য পালিয়েটিভ কেয়ার নেওয়া হচ্ছে। পেলের ইনস্টাগ্রাম পোস্টের সঙ্গে একটি অফিসিয়াল মেডিকেল বুলেটিন ছিল, যেখানে বলা হয়েছে যে তাদের রোগী স্থিতিশীল রয়েছে এবং গত ২৪ ঘন্টায় তার অবস্থার কোনও অবনতি লক্ষ্য করা যায়নি এবং চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, পেলে মঙ্গলবার কোলন টিউমারের কেমোথেরাপির পুনর্মূল্যায়নের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই টিউমার ২০২১ সালের সেপ্টেম্বরে শনাক্ত হয়। সেখানে আরও জানানো হয় তিনি এখনও চিকিৎসাধীন আছেন এবং তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। গত ২৪ ঘন্টায় অবস্থার কোনও অবনতি হয়নি বলেও জানানো হয়।
পেলের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ার খবরটি তার মেয়ে কেলি নাসিমেন্টো নিশ্চিত করেন। ফিফা বিশ্বকাপের জন্য কাতারে থাকা কেলি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন, ‘মিডিয়া আবার ভয় পাচ্ছে’।
