
মেলা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বেহুলাকে কেন্দ্র করে প্রতিবছর ভোলা ষষ্ঠী উপলক্ষে বসে জমজমাট মেলা। রীতি মেনে মহিলারাও জুয়া খেলেন এই মেলায়। সকাল থেকেই বেহুলা নদীর তীরে লক্ষ্মী প্রতিমার পূজার্চনা করেন মহিলারা। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহিলারা পুজোয় অংশ নেন। প্রচুর মানুষ ভিড় জমান এই মেলায়৷ তার সঙ্গেই রয়েছে বিশেষ মিষ্টান্ন লেউড়ির আকর্ষণও৷
মেলা কর্তৃপক্ষ সূত্রে আরও জানা গিয়েছে, পূজার অন্যান্য সামগ্রীর পাশাপাশি প্রধান ভোগ লেউড়ি মিষ্টান্ন। প্রসাদেও দেওয়া হয় এটি৷ সকাল থেকে শুরু হয়ে মেলা সন্ধ্যা পর্যন্ত চলে৷ সূর্য অস্তাচলে গেলেই শেষ হয়ে যায় মেলাটি। গত দু’বছর করোনা নামক অতিমারির দরুণ এই মেলা হয়নি৷ করোনাসুরকে বধ করে এবছর ফের স্বাভাবিক ছন্দে ফিরেছে মূলা ষষ্ঠী উপলক্ষে পুরাতন মালদার মোকাতিপুর এলাকার বেহুলা নদীর তীরের জুয়াড়ি মেলা৷ আর সেখানে মেলার অন্যতম আকর্ষণ লেউড়ির চাহিদাও ছিল ব্যাপক। এই বছর ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে লেউড়ি।
শুধুমাত্র চিনি দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এই মিষ্টি। চিনির পাক তৈরি করা হয়৷ আগুনে একটি নির্দিষ্ট তাপমাত্রায় চিনি গলিয়ে পাক তৈরি করা হয়। সেই পাক কেটে ছোট আকারে মিষ্টি তৈরি হয়। এই মিষ্টি দেখতে চকচকে হয়। তবে এক সময় পুরাতন মালদার অনেক কারিগর এই মিষ্ঠান্ন তৈরি করতেন৷ এঁরা এই মিষ্টি তৈরিতে পারদর্শী ছিলেন। কিন্তু এখন এই মিষ্ঠান্ন তৈরির কারিগরের অভাব দেখা দিয়েছে বলেও জানান মিষ্ঠান্ন বিক্রেতারা ৷
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
