পরেশ রাওয়ালকে (Paresh Rawal) তালতলা থানায় তলব
গত ১২ ডিসেম্বর পরেশ রাওয়ালের বিরুদ্ধে সমন জারি করে লালবাজার। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানানো হয়, ৪১এ ধারায় অভিনেতার বিরুদ্ধে একটি সমন জারি করা হয়েছিল। তাঁকে তালতলা থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। সেই নোটিশের জবাবে লালবাজারে একটি মেল করেছেন পরেশ রাওয়াল (Paresh Rawal)। ‘হেরা ফেরি’ খ্যাত অভিনেতা তালতলা থানার তদন্তকারী অফিসারকে মেলে জানান, কলকাতায় হাজিরা দিতে তাঁর আরও ছয় সপ্তাহ সময়ের প্রয়োজন। এই মুহূর্তে তিনি অত্যন্ত ব্যস্ত রয়েছেন।
কেন বিতর্কে জড়িয়েছিলেন পরেশ রাওয়াল?
কিছুদিন আগে গুজরাট বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election 2022) BJP-র হয়ে প্রচারে গিয়ে বাঙালিদের নিয়ে একটি মন্তব্য করেছিলেন পরেশ রাওয়াল। তিনি বলেছিলেন, “গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবারও সস্তা হয়ে যাবে। যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, তা কমে যাবে। মানুষ চাকরিও পাবেন। মুদ্রাস্ফীতির সমস্যা গুজরাটের মানুষ সহ্য করতে পারে। কিন্তু, যদি দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা আপনার বাড়ির পাশে থাকতে শুরু করে, তাহলে গ্যাস সিলিন্ডার দিয়ে কী হবে? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?” এই মন্তব্য ছড়িয়ে পড়তেই চরম ক্ষোভ জন্মায় বাঙালিদের মধ্যে। অসন্তোষ তৈরি হয় পরেশ রাওয়ালের এই মন্তব্য ঘিরে।
পরেশের বিরুদ্ধে FIR সেলিমের
CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) বর্ষীয়ান এই অভিনেতার বিরুদ্ধে FIR দায়ের করেন। তালতলা পুলিশ স্টেশনে এই FIR দায়ের করা হয়। তারই পরিপ্রেক্ষিতে অভিনেতা পরেশ রাওয়ালকে ডেকে পাঠায় লালবাজার। শত্রুতা ছড়ানো, ইচ্ছাকৃতভাবে অপমান করা, জনসমক্ষে বিদ্রুপ করার মতো একাধিক ধারায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পরেশ রাওয়ালের (Actor Paresh Rawal Comment) মন্তব্য প্রসঙ্গে CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মন্তব্য করেছিলেন, “বহু সংখ্যক বাঙালি এ রাজ্যের বাইরেও থাকেন। তাঁদের টার্গেট করেই এ কথা বলা হয়েছে।”
