কোটি টাকায় কাউন্সিলর পদের টিকিট বিক্রির অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতা, এবার দলের পক্ষ থেকে শোকজ করা হল ওই নেতাকে।

হাইলাইটস
- 1 কোটি 40 লাখে পদ বিক্রির অভিযোগ তৃণমূল নেতার।
- নেতাকে শোকজ দলের।
- বাম-বিজেপির কটাক্ষ।
গত শনিবার মেমারিতে (Memari) মেমারি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেমারি পুরসভার ১৬ টি ওয়ার্ডের নব নিযুক্ত তৃণমূল ওয়ার্ড সভাপতিদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সেই সংবর্ধনা সভা থেকেই গত পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী পদের টিকিট কেনাবেচা হয়েছিল বলে প্রকাশ্যে দাবি করেন পূর্ব বর্ধমানের মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লা। নাম না করে এক কাউন্সিলরকে আক্রমণ করতে গিয়েই তৃণমূল নেতা বলে বসেন, ”১ কোটি ৪০ লাখ টাকা দিয়ে টিকিট কিনে তুমি কাউন্সিলর হয়েছো। তোমার নেতাও ১ কোটি ৪০ লাখ টাকা দিয়ে টিকিট কিনেছে।” এমন দাবি করার পাশাপাশি তিনি দলেরই পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের কথা স্মরণ করিয়ে দিয়ে মেমারির এক কাউন্সিলর ও এক নেতাকে উদ্দেশ্য করে হুঁশিয়ারিও দিয়ে রাখেন।
পঞ্চায়েত ভোটের ঠিক আগে তৃণমূল নেতার এমন দাবি ঘিরে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ঘরে বাইরে অস্বস্তিতে পড়তে হয় শাসক দলকে। শাসক দলের নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে আক্রমণ শানায় বাম-বিজেপি। ঘুরে ফিরে আসে বিরোধীদের সেই কোম্পানি তত্ত্ব। মেমারির এই তৃণমূল নেতার এই মন্তব্যের পর বিতর্কের সৃষ্টি হয়। মেমারিতে সম্প্রতি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও সামনে এসেছে। বুথ সভাপতিদের নামের তালিকা প্রকাশের পর তা আরও বেশি করে প্রকট হয়েছে। এক কাউন্সিলর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় নতুন করে রং করে সাইনবোর্ড পালটে কাউন্সিলর কার্যালয় করে দিয়েছেন তা নিয়েও চলছে দলের অন্দরে লড়াই।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
