গোর্খাল্যান্ডের দাবি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন রোশন গিরি।

হাইলাইটস
- ফের গোর্খাল্যান্ডের জিগির তুলে পাহাড়ে আগুন জ্বালাতে চান রোশন গিরিরা।
- আক্রমণ শানালেন জিটিএ চিফ তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা।
- বিমল গুরংয়ের মোর্চা জিটিএ চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে বলে ঘোষণা করেছে।
২০০৭, ২০১৩ এবং ২০১৭ সালে মোর্চার পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনের জেরে আগুন জ্বলেছে পাহাড়ে। সরকারি সম্পত্তি নষ্ট করা, বন্ধ সহ নানা মারমুখী আন্দোলনের জেরে বিপর্যস্ত হয়েছে পাহাড়। এ বার মোর্চা তাঁদের আন্দোলন ‘দিল্লিমুখি’ বলে দাবি করলেও উদ্বিগ্ন পাহাড়ের বাসিন্দারা। এই উদ্বেগ এদিন ধরা পড়েছে অনীত থাপার গলাতেও। তিনি বলেছেন, ‘আমরা জিটিএতে নির্বাচিত হয়ে এসেছি। এখন জিটিএ ছেড়ে দিচ্ছি বলার মানে কী? যখন মোর্চা জিটিএতে ছিল, তখন সেটা ভালো ছিল? আসলে গোর্খাল্যান্ডের নামে মোর্চা পাহাড়ে আগুন জ্বালাতে চাইছে। এই ধরনের নেতারাই আমাদের জাতিকে পিছিয়ে দিয়েছে।’ উদ্বিগ্ন জিটিএ চিফ আজ, রবিবারই কলকাতার উদ্দেশে রওনা হচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। কাল, সোমবার তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে পাহাড় পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। দলীয় বৈঠকে ব্যস্ত থাকায় এদিন রোশন গিরির সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে ভারতীয় গোর্খাল্যান্ড সংঘর্ষ সমিতির অন্যতম সদস্য বিনয় তামাং বলেন, ‘অনীত থাপা কী বলেছেন, জানি না। উনি সবটা জানেন না। জিটিএ একটা চুক্তি। সেখান থেকে মোর্চা সরে গেল। এ বার দ্বিতীয় কোনও পক্ষ সরে গেলে পরিস্থিতি আরও জটিল হবে।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
