পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে রবিবার সকালে প্রার্তভ্রমণে বেরিয়ে বোগদা এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা-চক্র করে কৌস্তুভ বাগচীর মাথা ন্যাড়া করে শপথ নেওয়ার ব্যাপারে এমনটাই বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ।
শনিবার সন্ধ্যায় বিজেপির স্বশক্তিকরণ অনুষ্ঠানে যোগ দিতে মেদিনীপুরে পৌঁছন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেখানে দাঁড়িয়ে তিনি গতদিনও কৌস্তভ বাগচীর গ্রেফতারির প্রতিবাদ করেন। প্রথমে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddique) উপযুক্ত কারণ ছাড়া ৪১ দিন জেলে আটকে রাখার নিন্দে করেন এবং একইসঙ্গে কৌস্তভকে অন্যায়ভাবে গ্রেফতারিরও তীব্র ধিক্কার জানান।
দিলীপ ঘোষ বলেন, আদালতের সামনে সরকারকে প্রতিনিয়ত অপমানিত হতে হচ্ছে। বিরোধীদের মুখ জোর দেখিয়ে বন্ধ করতে গেলে এমনই পরিস্থিতির তৈরি হবে। বিনা কারণে যাকে মনে হবে তাকে গ্রেফতার করে হেফাজতে রেখে দেওয়ার অধিকার সরকারের নেই।
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলকে আক্রমণ করে তিনি বলেন,”চারিদিকে বোম বন্দুক, লুটপাট চলছে। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। মুখ্যমন্ত্রীকে মুখ খুলতে দেখি না, শুধু কেন্দ্রীয় সরকার, এমনকী বিদেশের শাসক কী করছে সেদিকে নজর তাঁর। অথচ তাঁর পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বিরোধীদের মুখ বন্ধ করার ভাবনা না করে মানুষের জন্য কাজ করুন।”
