Ankush| Ranjit Mallick| Koel: রঞ্জিত মল্লিকের সঙ্গে বিবাদে জড়ালেন অঙ্কুশ, নায়ককে হুঁশিয়ারি কোয়েলের…


Ankush Hazra, Ranjit Mallick, Koel Mallick, Love Marriage, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ের খবর। ১৩ বছর ধরে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু কোনও এক কারণে তাঁর সঙ্গে বিয়ে করা সম্ভব হচ্ছে না অঙ্কুশের। অবশেষে জানা যায় যে সেই সবটাই ছিল ছবির প্রচার। আগামী পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে অঙ্কুশ ও ঐন্দ্রিলার ছবি লাভ ম্যারেজ। সেই ছবিতে অঙ্কুশের বাবার চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক। বেশ অনেকদিন পরেই স্ক্রিনে ফিরেছেন তিনি। আপাতত ছবির প্রচারে ব্যস্ত তারকারা। কিন্তু সেই ছবির প্রচারেই রঞ্জিত মল্লিকের সঙ্গে ঝামেলায় জড়ালেন অঙ্কুশ। সেই ঝামেলা নিয়ে পোস্টও করেন অঙ্কুশ। সেই পোস্টের কমেন্ট বক্সে অঙ্কুশকে হুঁশিয়ারি দিল রঞ্জিতকন্যা কোয়েল মল্লিক।

আরও পড়ুন- Jeet| Chengiz: নীরজ পাণ্ডের হাত ধরে বলিউডে ‘চেঙ্গিজ’ জিৎ, নেটপাড়ায় ঝড় তুলেছে হিন্দি টিজার…

কিছুদিন আগেই রঞ্জিত মল্লিকের একটি ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘আলাপ করিয়ে দি। আমার বাবা। মহিম সান্যাল। নিজের ছেলের রাতের ঘুম উড়িয়ে এমন শান্তিতে স্টাইল মেরে বসে আছেন যেন রঞ্জিত মল্লিক। যাই হোক এই ১৪ই এপ্রিল জিতবো তো আমরাই।’ সেই পোস্ট দেখে কোয়েল মল্লিক কমেন্ট বক্সে লেখেন, ‘ওনার সঙ্গে পাঙ্গা নিও না, মুশকিলে পড়বে। যাকগে দেখা যাক, কি হয়!’ এরপর মজা করে অঙ্কুশ কোয়েলকে লেখেন, ‘আমার বাবা এত ফেমাস হয়ে গেছে যে কোয়েল মল্লিক ওনার হয়ে কথা বলছে? ম্যাম আপনি জানেন না ওনার কীর্তি। আপনার সাথে কীভাবে দেখা হবে জানি না কিন্তু হলে আপনাকে সব বলব।’ আসলে এই সবটাই চলছে মজার ছলে।

আরও একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে একেবারে মুখোমুখি সংঘাতে পর্দার বাবা ছেলে রঞ্জিত মল্লিক ও অঙ্কুশ হাজরা। অঙ্কুশের দাবি লাভ ম্যারেজই সেরা আর রঞ্জিত মল্লিকের দাবি, বাবার পছন্দে অ্যারেঞ্জ ম্যারেজ করাই সেরা। অঙ্কুশ লিখেছেন, ‘বাবা ভার্সেস ছেলে, তোমরা কার দলে?’ সেই ভিডিয়ো দেখে মজার ইমোটিকন দিয়েছেন কোয়েল।

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে তাঁদের আগামী ছবি ‘লাভ ম্যারেজ’-এর ট্রেলার। ট্রেলারে দেখা যাচ্ছে, অঙ্কুশ ও ঐন্দ্রিলা একে অপরের সঙ্গে প্রেম করে। কিন্তু অঙ্কুশের বাবার চরিত্রে রঞ্জিত মল্লিক কিছুতেই লাভ ম্যারেজ মেনে নিচ্ছেন না। তাই ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করেন। পাত্রী হিসাবে অঙ্কুশের প্রেমিকাকেই দেখতে যান অঙ্কুশের বাবা। কিন্তু সেখানে গিয়ে পছন্দ হয়ে যায় পাত্রীর মা অর্থাৎ অপরাজিতা আঢ্যকে। সেখান থেকেই শুরু হয় তাঁদের প্রেম কাহিনি। বাবা-মায়ের প্রেমের জেরে আর বিয়ের পিঁড়িতে বসতে পারছেনা অঙ্কুশ ঐন্দ্রিলা। শেষ অবধি কাদের বিয়ে হবে, সেই নিয়েই রোমান্টিক কমেডি তৈরি করেছেন প্রেমেন্দু বিকাশ চাকী। ট্রেলারে নজর কেড়েছেন অঙ্কুশের ঠাকুমার চরিত্রে সোহাগ সেন। আগামী ১৪ এপ্রিল অর্থাৎ নববর্ষে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন- Swara Bhasker Walima: বিয়ের অনুষ্ঠানে স্বরার পরনে পাকিস্তানি ডিজাইনারের লেহেঙ্গা, ‘দেশদ্রোহী’ তকমা নেটপাড়ার…

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *