আদালতের নির্দেশেই সব কিছু খতিয়ে দেখে মেধাতালিকা প্রস্তুত করা হয়েছে। এখন আদালত অনুমতি দিলেই নিয়োগ শুরু করতে পারে এসএসসি।’ বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চ আবেদন গ্রহণ করে। আগামী সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা। নিয়োগে অনিয়মের অভিযোগে হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন প্রথম ধাক্কা খেয়েছিল বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে। উচ্চপ্রাথমিকে প্রথম দফার নিয়োগ প্যানেলে অস্বচ্ছতা ও বেনিয়মের অভিযোগে ২০২০-র ১১ ডিসেম্বর তা বাতিল করে দেন বিচারপতি ভট্টাচার্য।
তার পর হাইকোর্টের নির্দেশ ছিল নতুন প্যানেল তৈরি করার। পরবর্তীকালে মামলা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সেখানে নিয়োগ প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ ছিল না। কিন্তু আদালতের নির্দেশ ছিল, যোগ্য বঞ্চিত বলে দাবি করে যাঁরা মামলা করেছেন, তাঁদের অভিযোগ শুনতে হবে কমিশনকে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা হয় বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ নতুন প্যানেল তৈরির জন্যে সময় ও গাইডলাইন বেঁধে দিয়েছিল। তখনই ডিভিশন বেঞ্চ জানায়, প্যানেল চূড়ান্ত করা হলেও আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ শুরু করা যাবে না। এ দিন কমিশন আদালতে জানায়, প্যানেল তৈরি হয়ে গিয়েছে। এ বার আদালত অনুমোদন দিক।
