এই সময়, এগরা: গভীর রাতে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগানোর ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এগরার জুমকি গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া গ্রামে। বুধবার রাতে আগুন লাগে স্থানীয় বাসিন্দা দীপক দে-র বাড়িতে। তবে সেই সময় দীপক দে ও তাঁর পরিবারের লোকেরা বাড়িতে ছিলেন না। বৃহস্পতিবার ভোরে প্রতিবেশীদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন দীপক।
কিন্তু ততক্ষণে আগুনে বাড়ি ও বাড়ির ভেতর থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। দীপকের অভিযোগ, কেউ বা কারা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে রাতের অন্ধকারে। দীপকের স্ত্রী শিখা দে বলেন, “আক্রোশবশত, কেউ আগুন লাগিয়ে দিয়েছে। সব কিছু পুড়ে গিয়েছে।”

স্থানীয় BJP নেতা ও মণ্ডল সভাপতি বিদ্যুৎ শীট বলেন, “দীপক দে BJP সমর্থক বলে তৃণমূলের লোকেরা আগুন লাগিয়ে দিয়েছে। ভাগ্যিস দীপক ও তাঁর পরিবারের লোকেরা রাতে বাড়িতে ছিলেন না। নাহলে আরও বড় অঘটন ঘটতে পারত।”
BJP-র অভিযোগ অস্বীকার করে এগরার বিধায়ক তথা তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, “দুর্ঘটনা যে কোনও সময়ে ঘটতে পারে। আগুন লাগার খবর জানার পর পঞ্চায়েতের লোকজন দীপকের বাড়িতে গিয়ে ত্রাণের ব্যবস্থা করেছেন। আমি যতটা জানি, এক আত্মীয়ের সঙ্গে ওঁর গোলমাল চলছিল। একটি ব্যক্তিগত গোলমালের ঘটনায় রাজনীতির রং লাগাতে চাইছে BJP।”
এগরা থানার পুলিশ জানিয়েছে, “আগুন লাগার কোনও অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”