নবদ্বীপ পুরসভার ২১ নং ওয়ার্ডের বাসিন্দা শম্পা সূত্রধর এবং তাঁর পরিবার। একুশের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ঘর ছাড়া হতে হয়েছিল তাঁদের। প্রায় দীর্ঘ দুই বছর তাঁদেরকে বাইরে বাইরে কাটাতে হয়েছে। অবশেষে নবদ্বীপের ঘর ছাড়া পরিবারকে হাইকোর্টের নির্দেশে সোমবার ঘরে ফেরাল নবদ্বীপ থানার পুলিশ।
গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর নবদ্বীপের এই পরিবারটি ঘর ছাড়া হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে। অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর নবদ্বীপের ২১ নম্বর ওয়ার্ডের এই পরিবারের ওপর অত্যাচার করে তাদের বাড়ি ছাড়া করেছিল কিছু স্থানীয় দুষ্কৃতি।
পরিবারের অভিযোগ ছিল তাঁদের জমি বেআইনিভাবে কিছু দুষ্কৃতীরা দখল করেছিল এবং পরবর্তীতে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। পরে ওই পরিবার আদালতের দ্বারস্থ হয়। হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পর বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, পুলিশ নিজে ওই বাড়ির মালিককে তাঁদের বাড়িতে পৌছে দেবেন এবং সেখানে পুলিশি পাহাড়া বসাবেন। সেই মতো সোমবার নবদ্বীপ থানার পুলিশ ওই বাড়ির মালিক শম্পা সূত্রধর এবং তাঁর পরিবারকে তাঁদের বাড়িতে নিয়ে যান।
কিন্তু সেখানে গিয়ে দেখা যায় তাঁদের বাড়ি, ঘর ভেঙে সমস্ত জিনিস পত্র লুঠ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা । এমন কী খাবার জলের টিউবওয়েল আস্ত রাখেনি দুষ্কৃতীরা। বাড়িতে ফিরে বাড়ির এইরকম পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পরেছেন পরিবারের সদস্যরা। কিন্তু পাশেই যে ঘর রয়েছে সেখানেই বর্তমানে পুলিশের তৎপরতাতে রাখা হয়েছে তাঁদের।
প্রসঙ্গত, বিগত বিধানসভা নির্বাচনের পরেই রাজ্যের একাধিক নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা ঘটে। জেলায়, জেলায় বিরোধী শিবিরের কর্মীদের উপর অত্যাচার, ঘর ছাড়া করা হয় বলে অভিযোগ করা হয়। এই সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়। পরবর্তীকালে এই সংক্রান্ত বিষয় তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতেও। নদিয়া জেলা থেকেই ধর্ম মণ্ডল নামে এক বিজেপি কর্মী সহ চারজনকে হত্যা করার অভিযোগ ওঠে।
