পঞ্চায়েত ভোটের আগে মহিলা ভোটার টানতে এবং রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ও তার সরকারকে তীব্র আক্রমণ শানান ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রসঙ্গত,শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর ফুটবল মাঠে ISF এর কর্মী সমাবেশে উপস্থিত হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণা না হলেও ভোটকে সামনে রেখে ইতিমধ্য তার প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার পঞ্চায়েত ভোটে ISF মাঠে নেমে লড়াই করবে তার আভাস এদিন চন্দ্রকোনার কৃষ্ণপুরে কর্মী সমাবেশে মিলল।
এদিন সভা মঞ্চ হতে ভাঙড়ের বিধায়ক আক্রমণ শানিয়ে বলেন, ”মাসে ৫০০ দিয়ে আপনাদের ভুলিয়ে দিয়ে ওরা ৫০ কোটি লুঠ করছে,মাকে ৫০০ দিচ্ছে। সেই মায়ের ছেলেকে ১০ লাখ ঘুষ দিয়ে চাকরি কিনতে হচ্ছে। মায়ের ছেলে যাতে মাতাল তৈরি হয় তাই দুয়ারে মদ প্রকল্প চালু করেছে। ৫০০-১০০০ এ ভুলে গেলে হবেনা মায়েদের বলব আওয়াজ তুলুন আপনার ছেলের ভবিষ্যতের জন্য।” নওশাদ সিদ্দিকির এই মন্তব্যকে কটাক্ষ করেছে শাসক-শিবির তৃণমূল।
শাসকদলের গড় হিসাবে পরিচিত চন্দ্রকোনার কৃষ্ণপুরে নওশাদ সিদ্দিকির কর্মী সমাবেশকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ শাসকদলের স্থানীয় নেতৃত্বরা এবং মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকির তোলা যাবতীয় অভিযোগ মিথ্যা বলে অস্বীকার করা হয়েছে। ”রাজ্য গণতন্ত্র না থাকলে কী আর ভাঙড় থেকে এসে চন্দ্রকোনার কৃষ্ণপুরে সভা করা যেত।” পালটা প্রশ্ন ভগবন্তপুর ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার আসানউল্লাহ মন্ডল।
সাগরদিঘি উপনির্বাচনে শাসকদলের মুখ ফিরিয়ে নিয়েছে সংখ্যালঘু ভোট সেখানে পরাজয় হয়েছে তৃণমুল কংগ্রেসের,তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। সাগরদিঘির হারে নওশাদ সিদ্দিকির গ্রেফতারি একটা ফ্যাক্টর বলে মত বিশেষজ্ঞদের।এবার শাসকদলের সেই সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে ময়দানে নেমেছে ISF এর বিধায়ক নওশাদ সিদ্দিকি এমনই মত অনেকের।
এদিন জেলার চন্দ্রকোনার কৃষ্ণপুরে যে এলাকায় ISF এর কর্মী সমাবেশ হয়েছে তাও তাৎপর্যপূর্ন,কারণ সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকা। তবে কি পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের সংখ্যালঘু ভোটারে ভাঙ্গন ধরাতে ও ISF এর ঘাঁটি শক্ত করতে এই জনসভা? এদিন কৃষ্ণপুরে ISF এর কর্মী সমাবেশ মঞ্চে দেখা যায় কয়েকজন সিপিআইএম নেতাকেও।মঞ্চ থেকে আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে একাধিক বার্তা যেমন দিয়েছেন পাশাপাশি তৃণমুল দল ও তার সরকারকে তুলোধনা করেছেন বিভিন্ন দুর্নীতির অভিযোগকে তুলে ধরে।পঞ্চায়েত ভোটে বাড়ির মা বোনেদের আওয়াজ তোলার বার্তা দেন।
