এদিনের সভা থেকে ফের একবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের সব আসনে জেতার ডাক দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘নির্বাচনে মানুষের সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ ও দোয়াকে পাথেয় করে প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের জিততে হবে। কারণ দিল্লির বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের এমন লোক দরকার যাঁরা মাথা উঁচু করে সম্মানের সঙ্গে লড়াই করবে।’
তিনি বলেন, ‘মানুষের মতামত নিতে আমি আপনাদের এখানে এসেছি। এই ব্যালট পত্র সবাই পাবেন। কোনও তাড়াহুড়ো করবেন না। এই ব্যালটপত্র নিয়ে আপনার পছন্দের প্রার্থীর নাম লিখে নির্দ্বিধায় ব্যালট বাক্সে ফেলে দিন। পঞ্চায়েতে নিজের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ আমরা আপনাকে দিচ্ছি।’
২০২২ সালের ১১ অগস্ট গোরু পাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। সম্প্রতি তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। মঙ্গলবার মুরারইয়ের সভা থেকে সেই নিয়ে মুখ খোলেন অভিষেক। তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। আমি তাঁকে ডিফেন্ড করতে চাই না। সুকন্যা মণ্ডলের সম্পত্তি ১৫০ শতাংশ বেড়েছে বলে তাঁকে গ্রেফতার করা হল। সেখানে অমিত শাহের ছেলের সম্পত্তি ৮০ হাজার শতাংশ বেড়েছে। তাঁকে কেন গ্রেফতার করা হল না?’
মঙ্গলবার গোরু পাচার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশেও তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, ‘সব গোরুচোর ধরতে নেমেছে। আদালতে জমা করা চার্জশিটে ইডি দাবি করেছে, বিএসএফের মদতে গোরু পাচার হত। এই দাবির পর কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রীকে জেরা করা উচিত। কেন তাঁকে জেরা করা হবে না?’
