বিধান নগর এমপিএমএলএ কোর্টে এদিন একটি মামলার কারণে হাজির ছিলেন দিলীপ ঘোষ. সেখান থেকেই দিলীপ বলেন, “যে অন্যায় করে সে ক্ষমা চায় আমি অন্যায় করিনি, যারা আমার রাস্তা ঘেরাও করেছে, আমার বাড়িতে এসছে মজার ব্যাপার।” তাঁর কথায়, এতদিন তৃণমূল আমাদের রাস্তা আটকাতে গাড়ি ভাঙতো, পার্টি অফিসে আক্রমণ করত। আজকে কুড়মি আন্দোলনের কিছু লোক ইচ্ছাকৃত ভাবে আমার গাড়ি আটকাচ্ছে, আমাকে গালাগালি দিচ্ছে। আমাদের পার্টি অফিসে আক্রমণ করছে। তার মানে এদের সঙ্গে তৃণমূলের কোথাও কি কোনও সম্পর্ক আছে ? প্রশ্ন তোলেন তিনি।
রবিবার লালগড়ে নিজের কর্মসূচিতে যাওয়ার পথে কুড়মি আন্দোলনকারীদের দ্বারা বাধাপ্রাপ্ত হন দিলীপ ঘোষ। পরের দিন দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, ‘বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।’ এই মন্তব্যের পরেই শুরু হয় জোর বিতর্ক। যদিও পরে একটি ফেসবুক ভিডিয়ো বার্তার মাধ্যমে কুড়মি আন্দোলনের পাশে থাকার বার্তা দেন তিনি।
মঙ্গলবার সকালে দিলীপ বলেন, “আমি বলেছি নেতারা যারা এই আন্দোলনকে সঞ্চালন করছেন তারা ঠিক রাস্তায় নিয়ে যান বিভ্রান্ত করবেন না। অন্যের হাতে আন্দোলনকে তুলে দেবেন না। এলাকার গরিব লোকগুলোকে নিয়ে বারবার আন্দোলন হচ্ছে জঙ্গলমহল আরো পিছিয়ে গিয়েছে।” দিলীপের আরও বক্তব্য, কুড়মি আন্দোলনকারীদের একাংশ তৃণমূলের ফাঁদে পড়ে তাঁদের ইস্যুকেই এগিয়ে নিয়ে যেতে চাইছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে দিলীপ ঘোষের বিরুদ্ধে একটি মামলা হয় যে কনটাই বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল হয়েছিল সেই মিছিলে লাঠি-বল্লম ছিল। মিছিলে এক সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছিল। সেই মামলার জন্যেই এদিন বিধান নগর এমপিএমএলএ কোর্টে হাজির হন দিলীপ ঘোষ সহ বেশ কয়েকজন অভিযুক্ত।
সোমবার নবান্ন থেকে রাজ্যের একাধিক প্রকল্পে কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী। এই পরিপ্রেক্ষিতে দিলীপ এদিন বলেন, “ এই যে ৩৬ হাজার চাকরি বাতিল করে দিলেন মহামান্য আদালত, তার জন্য কি মোদী দায়ী? নাকি তার টাকাটা কে নিয়েছে? আপনি চোর ডাকাত সমাজবিরোধীদের নিয়ে রাজনীতি করবেন, এইসব লোকেদের আখড়া হয়ে গেছে তৃণমূল। তার জন্য গরিব মানুষ বাংলার প্রতারিত হবে।”
