অসুস্থ ওই কিশোরীকে তন্ত্র সাধনার মাধ্যমে সুস্থ করে দেবে বলে বাড়িতে ডাকে তান্ত্রিক বিষ্ণুপদ। পরিবারের লোকজন কিশোরীকে নিয়ে তার বাড়িতে যায়। তান্ত্রিক জানায়, মেয়েকে রেখে যেতে হবে। অনেক পূজার্চনার কাজ বাকি। তন্ত্র সাধনায় অনেক সময় লাগবে। মেয়েকে সুস্থ করার জন্য কিশোরীর পরিবারের লোকজন তান্ত্রিকের বাড়িতে মেয়েকে রেখে দিয়ে যান। তখনই তন্ত্রসাধনার নামে কিশোরীর সঙ্গে ওই তান্ত্রিক অশালীন আচরণ করে বলে অভিযোগ।
কিশোরী বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়ে। তান্ত্রিকের কীর্তি পরিবারের লোকজনকে জানায়। ঘটনা জানাজানি হতেই সোমবার ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। ক্ষুব্ধ এলাকাবাসী তান্ত্রিকের বাড়িতে গিয়ে চড়াও হয়। ভণ্ড তান্ত্রিককে ধরে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করে। তার তন্ত্রসাধনার সমস্ত দ্রব্যে আগুন লাগিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ এসে তান্ত্রিককে আটক করে নিয়ে যায়। তান্ত্রিকের ঘর থেকে একটি হনুমানের মাথার খুলি, বেশকিছু রুদ্রাক্ষের মালা সমেত বেশ কিছু জিনিস উদ্ধার করেছে পুলিশ।
