গত ৩০ দিনে বিস্তর আদালতের চক্কর, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কেন্দ্র নির্বাচন দড়ি টানাটানি শেষে সারা রাজ্যে একদফায় পঞ্চায়েত ভোট পরিচালনায় ৮২২ কোম্পানি কেন্দ্রীয় কোম্পানির রিকুইজেশন দেওয়া হয়। কিন্ত পঞ্চায়েত ভোটের অন্তিম লগ্নেও এখনও রাজ্য পৌঁছায়নি ২২০ কোম্পানি বাহিনী। এই বাহিনীর ঘাটতি পূরণ করে আদালতের নির্দেশ মেনে ভোট পরিচালনার রাস্তা খুঁজছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে হবে কমিশনকে। শুক্রবার রাত ৯টা পর্যন্ত প্রতি বুথে বাহিনী তো দূর বহু জায়গায় বুথ কর্মীদের নিরাপত্তায় একজন করে সশস্ত্র রাজ্য পুলিশ মোতায়েনই সম্ভব হয়েছে। এমতাবস্থায় এদিন সুষ্ঠু ভোট পরিচালনা কমিশনের কাছে অগ্নিপরীক্ষার কম নয়।
দার্জিলিং ও কালিম্পঙে দ্বিস্তরীয় ও বাকি ২০ জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে শনিবার।
