জানা গিয়েছে, কোনও সরকারি অনুদানের অপেক্ষা না করে এলাকার পাড়া প্রতিবেশী সহ কর্মীদের থেকে টাকা তুলে বিধবার বাড়ি বানিয়ে দিচ্ছেন পঞ্চায়েত সদস্যা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাড়ির কাজ। গরীব অসহায় বিধবার বাড়ির জন্য জনপ্রতিনিধি উদ্যোগী হয়েছেন দেখে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী দলের লোকেরাই এগিয়ে এসেছেন। বাড়ি বানিয়ে দেওয়ায় খুশি মহিলা।
এলাকায় CPI(M) এর গ্রামপঞ্চায়েত সদস্যা গৌরী রায় শীল জানান, ‘এলাকায় বিধবা মহিলার বাড়ি থাকতেও মাথার ওপর চাল ছিল না। অনেক দিন থেকেই তিনি কষ্ট করে চলছিলেন। মাথায় ছাদ না থাকায় বৃষ্টি-রোদে কষ্ট পাচ্ছিলেন। পাশের অঙ্গনওয়াড়ির বাড়িতে রাত কাটাতে বাধ্য হচ্ছিলেন, কখনও আবার খোলা আকাশের নীচে। আমরা ভোটের প্রচারে গিয়ে তাকে খারাপ অবস্থায় দেখি, তারপরেই তাঁকে কথা দিয়েছিলাম যে তাঁর পাশে দাঁড়াব। আমরা তাকে সাহায্যের আশ্বাস দিয়েছিলাম। তিনি পাশের ICDS সেন্টারে রাত কাটাতেন। আমরা চাঁদা তুলে তার বাড়ি বানিয়ে দেবার কাজ শুরু করেছি।’
এদিকে বিধবা মহিলা মিলন রায় বলেন, ‘CPI(M) পার্টির থেকে আমার ঘরটা বানিয়ে দিচ্ছে।আমার মাথা গোজার ঠাঁই ছিল না।আজ খুব ভালো লাগছে। স্থানীয় CPI(M) নেতা সুবীর রায় বলেন, আজ এলাকার কর্মী সমর্থক ও পঞ্চায়েত সদস্যা উদ্যোগ নিয়ে চাঁদা তুলে সীমিত সাধ্যের মধ্যে থেকেই বিধবা মহিলার বাড়ি দেওয়ার কাজ করা হচ্ছে।’ আমরা এলাকার আরও একজনকে সাহায্য করব বলে জানান সুবীর রায়। পঞ্চায়েত বোর্ড গঠনের আগে যেভাবে পঞ্চায়েত সদস্যা এলাকাবাসীর সমস্যা সমাধানে উদ্যোগী তা দেখে অভিভূত সাধারণ মানুষ।
