নবান্ন সূত্রে খবর, রাজ্যে ডেঙ্গির সংক্রমণ বেড়ে দাঁড়াল ৫৩৬২৬-এ। উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলার। এই ডেঙ্গি পরিস্থিতি নিয়েই বিকেল চারটেয় নবান্নে বসে উচ্চ পর্যায়ের বৈঠক। এই বৈঠক থেকে মেট্রো ও রেলওয়েজ-কেও পরিচ্ছন্নতার দিকে নজর দিতে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, আগামী ১৫ এবং ১৬ অক্টোবর পর পর দুদিন বাংলা জুড়ে সাফাই অভিযান। সব গ্রাম, পুরসভার ওয়ার্ড, হাসপাতাল, স্কুল, সব সরকারি এলাকায় বিশেষ স্বচ্ছতা অভিযানের পরিকল্পনা। পতঙ্গ বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গি রুখতে সবার আগে মশার জীবন চক্র ভাঙা দরকার। তাই সাফাই অভিযানে বিশেষ নজর দেওয়া হবে মশার লার্ভা জন্মানোর মতো জায়গাগুলিতে। এই অভিযানে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত, পুরসভা-কর্পোরেশন, আশা, অঙ্গনওয়াড়ি কর্মী সহ উৎসাহী স্বেচ্ছাসেবকরাও অংশ নিতে পারেন। অভিযানের ছবি তুলে পাঠানো হবে সংশ্লিষ্ট দফতরে।
নবান্ন সূত্রে খবর, ডেঙ্গি মোকাবিলায় কী করতে হবে বা করা হবে এই নিয়ে SOP তৈরি করবে রাজ্য। এছাড়া ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ডেঙ্গি ও মশাবাহিত রোগ মোকাবিলার সঙ্গে যুক্ত সমস্ত সরকারি দফতরের কর্মী-আধিকারিকদের ছুটি বাতিল থাকবে বলে জানানো হয়েছে। পুজোয় কদিনও ডেঙ্গির কারণে সব বিভাগের কন্ট্রোল রুম খোলা থাকবে। পুজো কমিটি গুলিকেও ডেঙ্গির সরকারি নির্দেশিকা মানতে হবে। পর্যটন কেন্দ্রেও আবর্জনা সাফাই নিয়ে উৎসবের দিনেই যত্নশীল হাওয়ার নির্দেশ। বৈঠকে জানানো হয় ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যে ইতিমধ্যেই ৩ লাখ মশারি বিলি করা হয়েছে। আরও ২ লাখ মশারি বিলি করা হবে।
ডেঙ্গি কবলিত প্রত্যন্ত এলাকায় ড্রোনের মাধ্যমে চালানো হবে নজরদারি। প্রশাসনের তথ্য অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় পরিস্থিতি উদ্বেগজনক। জেলা শাসককে বিশেষ নজর রাখতে নির্দেশ।
ডেঙ্গি নির্দেশিকা থেকে ট্রিটমেন্ট সংক্রান্ত যে কোনও তথ্য পেতে ফলো করুন এই সময় ডিজিটাল হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
