জোড়া ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে, কলকাতায় কুড়ির নীচে পারদ এই সপ্তাহেই!


অয়ন ঘোষাল: শীতের আমেজ ফিরল। জেলায় জেলায় শীতের আমেজ একটু বেশি অনুভূত হবে। আগামী কয়েক দিন আকাশ পরিষ্কার থাকবে। রাতের তাপমাত্রা কমবে। ফের মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলায়। কলকাতায় তাপমাত্রা ২০-র নীচে নামবে এই সপ্তাহে।

পুজোর আবহাওয়া 
ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। পরিষ্কার আকাশ থাকবে সকাল সন্ধে। শীতের আমেজেই কাটবে পুজোর মরশুম। তবে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মঙ্গলবার তাপমাত্রা আরও একটু নামতে পারে। ইঙ্গিত আবহাওয়া দফতরের।

সিস্টেম 
ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত থেকে ত্রিপুরা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণিঝড় ‘মিধিলি’র অবশিষ্ট অংশের নিম্নচাপ রূপে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা ও সংলগ্ন এলাকায় প্রভাব রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় তা শক্তিক্ষয় করবে। ওদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ রবিবার উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

দক্ষিণবঙ্গে
মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তিবোধ হবে। সকালে সন্ধে শীতের আমেজ কিছুটা ফিরবে। পরিষ্কার আকাশ থাকবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। আগামী ৩ দিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। সোম ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের কারণে বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে আবার পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গে
জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। শীতের আমেজ ক্রমশ বাড়বে। আপাতত পরিষ্কার আকাশ থাকবে। আগামী তিন-চার দিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় সেরকম কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

কলকাতায়
সকাল-সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামান্য অস্বস্তি হতে পারে। আজ পরিষ্কার আকাশ থাকবে। কমবে রাতের তাপমাত্রা। সামান্য বাড়বে দিনের তাপমাত্রা। মঙ্গলবার থেকে পারদ আরও একটু নামবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে পূর্বাভাস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশ। 

ভিনরাজ্যে 
আগামী কদিন ভারী বৃষ্টির সতর্কতা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকার বেশ কিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন। হালকা বৃষ্টির সম্ভাবনা। পুবালী হাওয়ায় দক্ষিণ ভারতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃষ্টি হতে পারে কেরালা, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকালে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও। অতি ভারী বৃষ্টির সতর্কতা নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে। ভারী বৃষ্টি হবে আসাম এবং মেঘালয়ে।

আরও পড়ুন, Bank Fraud: বিদ্যুত্ বিল মেটাতে গিয়ে জামতারা গ্যাংয়ের খপ্পরে, অ্যাকাউন্ট থেকে গায়েব ৭৩ হাজার টাকা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *