সমবায় সমিতে বড় জয় তৃণমূলের
তিন রাজ্যে বিজেপির জয়ের মধ্যেই বাংলায় উড়ল সবুজ আবির। তমলুকের ধলহরা সমবায়ের পর রবিবার আরও এক সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল তৃণমূল। তমলুকের নাইকুড়ি ব্লকের অন্তর্গত শ্রীরামপুর সমবায় কৃষি ঋণদান সমিতিতে রবিবার ছিল নির্বাচন। পিপুলবাড়িয়া ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের মোট ১৯টি বুথ নিয়ে গঠিত এই সমিতি। ভোটার সংখ্যা প্রায় ৮৫২ জন। তৃণমূল, বিজেপি এবং সিপিএম মিলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আর এই সমবায় সমিতির নির্বাচনেই বিরাট জয় পেল তৃণমূল। রবিারর ১৩টি আসনের মধ্যে সবকটিতেই বিরাট ব্যবধানে জয়ী হয়েছে শাসকদল। এদিন সকাল থেকেই সমবায় সমিতির নির্বাচন ঘিরে ছিল টানটান উত্তেজনা। ভোটের ফলাফল ঘোষণার পর সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। শাসকদলের কর্মী সমর্থকদের দাবি, তিন রাজ্যের ফলাফল যা হোক, বাংলরা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থাশীল। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকদের দাবি, সমবায়ের ফলের সঙ্গে লোকসভা নির্বাচন এক নয়।
কী বলল তৃণমূল?
পিপুলবেড়িয়া ২ তৃণমূলের অঞ্চল সভাপতি রঙ্গলাল রাউত, ‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়েরর জয়, মা-মাটি-মানুষের জয়। এই নির্বাচনের ১৩টি আসনেই আমরা জয়ী হয়েছি। মানুষ তৃণমূলের উপর আস্থাশীল। অন্য রাজ্যে ফল দেখে কোনও লাভ নেই। এই রাজ্যের মানুষের মনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচন তৃণমূল জয়ের ধারা অব্যাহত রেখেছে। সম্প্রতি তমলুকেক ধলহরা খন্ডগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে নির্বাচন হয়। এখানে মোট ৪৬টি আসন রয়েছে। তার মধ্যে তৃণমূল প্রার্থীরা ৩৬টি আসনে জয়ী হন। গেরুয়া শিবিরের প্রার্থীরা ১০টি আসনে জয়ী হয়েছিলেন। আগামী লোকসভায় তৃণমূল এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কি না, এটাই দেখার।
