স্কুল চত্বরে সাপের কামড়ে ছাত্রের মৃত্যু, বিক্ষোভ – a student was bitten by a snake in the school premises after the examination


এই সময়, দুর্গাপুর: নামেই আবাসিক স্কুল। কোনও পরিকাঠামো নেই। স্কুল ও হস্টেল জুড়ে শুধুই আগাছা। পর্যাপ্ত আলো নেই। এ ভাবেই চলছে নিউ টাউনশিপ থানার ফুলঝোড়ের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল। গত ১ ডিসেম্বর পরীক্ষার পর স্কুল চত্বরেই সিদ্ধান্ত মান্ডি (১৩) নামে এক ছাত্রকে সাপে কামড়ায়। অভিযোগ, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের গাড়ি থাকা সত্ত্বেও আসানসোলের নিয়ামতপুরের বাসিন্দা সিদ্ধান্তকে কেউ হাসপাতালে নিয়ে যায়নি। বেশ কিছুক্ষণ পরে একটি গাড়ি করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরের দিন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সিদ্ধান্তকে। ৬ তারিখ সেখানে মৃত্যু হয় তাঁর।

এদিকে, সিদ্ধান্তের মৃত্যুর খবর জানাজানি হতে ক্ষোভে ফুঁসতে থাকেন অভিভাবক ও পড়ুয়ারা। সোমবার সকালে অভিভাবকদের একাংশ স্কুলের গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান। অভিভাবকদের মধ্যে অনেকেই এদিন তাঁদের ছেলেমেয়েদের হস্টেল থেকে বাড়ি নিয়ে যান। পরিকাঠামোর অভাবের অভিযোগ অবশ্য স্বীকার করে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের টিচার ইনচার্জ শ্রাবণী সেনশর্মার বক্তব্য, ‘স্কুল ও হস্টেলে কোনও সাফাইকর্মী নেই। তাই আগাছা পরিষ্কার করা যাচ্ছে না। এমনকী হস্টেল সুপার পর্যন্ত নেই।

সমস্ত কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি।’ ময়না হেমব্রম নামে এক অভিভাবক বলেন, ‘আজ একজন ছাত্রের মৃত্যু হয়েছে। এখনই যদি আগাছা পরিষ্কার না করা হয় তা হলে এই মৃত্যুর সংখ্যা বাড়বে।’ স্কুলের এক ছাত্রীর বক্তব্য, ‘এখানে খাবার ঠিকমতো দেওয়া হয় না। কী অবস্থায় আছি তা একমাত্র আমরাই জানি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *