Awas Yojana : ‘অযোগ্য’ হয়েও আবাসে ঘর! বেঁধে দেওয়া হল টাকা ফেরানোর ‘ডেডলাইন’ – south 24 parganas administration ask namkhana people who are not eligible for awas yojana to return money with in 20 december


আবাস যোজনায় বাড়ি নির্মাণের জন্য টাকা দিয়েছে কেন্দ্র। কিন্তু, এই প্রকল্পে যোগ্য না হয়েও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একাধিকজনের বিরুদ্ধে। তারা আবাস যোজনায় ১ লাখ ২০ হাজার টাকা নিয়েছিলেন, অভিযোগ ওঠে এমনটাই।

তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পরেই সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। এর জন্য বেঁধে দেওয়া হয়েছিল নির্দিষ্ট সময়সীমাও। রায়দিঘির জন্য় বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু, নামখানাতে ২০ ডিসেম্বর পর্যন্ত এই সময় ধার্য করা হয়েছে। রায়দিঘির ২৭ জন এবং নামখানার আট জনের এই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু, দেখা গিয়েছে রায়দিঘিতে আবাস যোজনার অর্থ বাবদ টাকা ফেরত দিয়েছেন মাত্র এক জন।

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। আর এই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। এই মামলার প্রেক্ষিতেই জেলা প্রশাসনকে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের নির্দেশ দিয়েছিল আদালত। আর তার উপর ভিত্তি করে তদন্ত শুরু করে জেলা প্রশাসন। সেই তদন্তেই রায়দিঘি এবং নামখানার উপভোক্তা প্রসঙ্গ উঠে আসে যাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য না হয়েও বরাদ্দ টাকা পেয়েছেন।

প্রত্যেককে এই অর্থ ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়। জানা গিয়েছে, এমন অনেকে রয়েছেন যাঁদের পাকা বাড়ি রয়েছে অথচ তাঁরা এই প্রকল্পে টাকা পেয়েছেন। পাশাপাশি দেখা গিয়েছে, কয়েকজন আবাস যোজনায় টাকা নিয়েছেন। কিন্তু, এখনও বাড়ি তৈরি করেননি। তাঁরা যাতে আবাস যোজনার অর্থের সঠিক ব্যবহার করে সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল রাজনৈতিক মহলের একাংশ। বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য বাংলায় এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনাতেও যায় তারা। সেখানে সোনারপুর এবং বারুইপুর এই দুটি ব্লকে যান কেন্দ্রীয় তদন্তকারী দলের প্রতিনিধিরা। সেখানে কারা কারা আবাস যোজনায় বাড়ি পেয়েছেন এবং সেই অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়টিও সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা। এক্ষেত্রে বেছে নেওয়া হয়েছিল বেশ কিছু বাড়ি। জানা গিয়েছে, একটি মাত্র ক্ষেত্রে জমি সংক্রান্ত সমস্যা ছাড়া সেভাবে কোনও সমস্যা সামনে আসেনি। যদিও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য সামনে আসেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *