মেয়ের চিকিৎসার খরচ বহন অমিত শাহর, ধন্যবাদজ্ঞাপনে দিল্লিতে সেই বিভীষণ


গত বিধানসভা নির্বাচনের আগে তাঁর বাড়িতেই মধ্যাহ্নভোজন সেরেছিলেন অমিত শাহ। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘কৃতজ্ঞতা’ জানাতে দিল্লি রওনা হলেন বাঁকুড়া ১ নম্বর ব্লকের চতুরডিহি গ্রামের সেই বিভীষণ হাঁসদা। বুধবার রাতের ট্রেনেই স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি দিল্লি রওনা হয়েছেন বলে জানা গিয়েছে।

২০২০ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে বাঁকুড়া সফরে থাকাকালীন চতুরডিহি গ্রামের বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় মেয়ের অসুস্থতার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান বিভীষণ হাঁসদা। বিভিষণের মুখে সব শুনে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

দিল্লি রওনা হওয়ার আগে গ্রামের বাড়িতে বসে বিভীষণ হাঁসদা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার বাড়িতে এসেছিলেন। মেয়ের অসুস্থতার কথা তিনি জানতে পেরে প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেছেন।’ আর সেই কারণেই কেন্দ্রীয় মন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে তিনি দিল্লি যাচ্ছেন বলে জানান বিভীষণ। ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁদের দেখা হবে, এই ভেবেই ভীষণ ‘এক্সাইটেড’ বলেই জানান বিভীষণের মেয়ে রচনা হাঁসদা। তাঁর কথায়, ‘আমার চিকিৎসার সমস্ত খরচ অমিত শাহ চালাচ্ছেন।’ তাই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানাবেন বলেও জানান রচনা।

Amit Shah

বিভীষণ হাঁসদার বাড়িতে দুপুরের ভোজন সারছেন অমিত শাহ (ফাইল ছবি)

এই প্রসঙ্গে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, ‘বিভীষণ হাঁসদা ও তাঁর পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সাংসদের মাধ্যমে তাঁর মেয়ের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করেছেন। আর তাই কৃতজ্ঞতা জানাতেই বিভীষণ হাঁসদাদের দিল্লী যাত্রা।’

অন্যদিকে তৃণমূল নেতা মহাপ্রসাদ সেনগুপ্তের দাবি, সেই সময়ে খবরের শিরোনামে আসা বিভীষণ হাঁসদার পরিবারের পাশে তাঁরাই ছিলেন। চিকিৎসা-পোশাকের ব্যবস্থা প্রশাসন করেছিল। কিন্তু এখন লোকসভা ভোটের আগে প্রচারের জন্যই বিভীষণ হাঁসদাকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেন মহাপ্রসাদ সেনগুপ্ত।

গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে লাগাতার প্রচারে আসেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন ছিলেন, তেমনই ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডার মতো নেতারা। সেই সময়ই বিভীষণ হাঁসদার বাড়িতে দুপুরের খাবার খেয়েছিলেন অমিত শাহ। সেই ঘটনাকে ঘিরে গুঞ্জনও ছড়িয়েছিল রাজ্য রাজীতিতে। এবার সেই বিভীষণই অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন বিভীষণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *