Saraswati Puja : রাম মন্দির থেকে ১০০ দিনের কাজের টাকা, সরস্বতী পুজোয় মেদিনীপুরের বিশেষ আকর্ষণ ব্যঙ্গচিত্র – saraswati puja 2024 special attraction cartoon character on recent political issues at midnapore college square


দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগে একাধিক ইস্যু নিয়ে শাসক বিরোধী তরজায় রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। আর সেই আবহে এবার ব্যঙ্গচিত্রে জমজমাট মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ার। প্রতি বছর সরস্বতী পুজোয় কলেজ স্কোয়ারে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যঙ্গচিত্র মেদিনীপুর শহরের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। সেই ধারায় এবারেও ছেদ পড়েনি। কোথাও ছড়ার মাধ্যমে তো কোথাও ব্যঙ্গচিত্র এঁকে একে অপরের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে এবারও।

উল্লেখ্য মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে সরস্বতী পুজোর উদ্যোক্তা তৃণমূল, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রভাবিত বেশ কয়েকটি ক্লাব। প্রতিবছরই ট্রেন্ডিং রাজনৈতিক ইস্যু গুলোকে তুলে ধরে ব্যঙ্গচিত্রে গোটা চত্বর ভরিয়ে তোলেন পুজোর উদ্যোক্তারা। আর এই ব্যঙ্গচিত্র দেখতেই কলেজ স্কোয়ারে ভিড় জমান মেদিনীপুরেক মানুষজন। রাজনৈতিক কূটকচালি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকরা। এবারেও ব্যঙ্গচিত্রে স্থান পেয়েছে রাম মন্দির থেকে শুরু করে ১০০ দিনের কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, ইন্ডিয়া জোটের মতো বিষয়গুলি।

প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এমনকী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরও ব্যঙ্গচিত্র রয়েছে মণ্ডপসজ্জায়। এক পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তথা তৃণমূল নেতা বুদ্ধ মণ্ডল বলেন, ‘ব্যঙ্গচিত্র মেদিনীপুর শহরের ঐতিহ্য। প্রতিবছর মানুষ এই ব্যঙ্গচিত্র উপভোগ করার জন্যই আসেন।’ অন্যদিকে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, ‘ব্যঙ্গচিত্র দেখে সিরিয়াস হওয়ার কোনও বিষয় নেই। মানুষ আনন্দ পাক এটাই সবার কাম্য।’ তবে ব্যঙ্গচিত্রকে ঘিরে লড়াই যাই থাকুক না কেন, মেদিনীপুর কলেজ মাঠে সরস্বতী পুজোকে কেন্দ্র করে মিলেমিশে একাকার হয়ে যান সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাই। লোকসভা নির্বাচনের আগেও সেই সৌভ্রাতৃত্বের ছবিতে কোনওরকম পরিবর্তন আসবে না বলেই মত জেলার রাজনৈতিকমহলের।

প্রসঙ্গত, এই রাজ্যে রাজনীতিকে ঘিরে এক দলের অপর দলের নেতানেত্রীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ ছুড়ে দেওয়া, কখনও বা ভাষা শালীনতার মাত্রা ছড়িয়ে যাওয়ার অভিযোগ ওঠে। কখনও কখনও কেউ আবার ব্যক্তিগত আক্রমণও করে বসেন। রাজনৈতিক নেতনেত্রীদের মন্তব্য নিয়ে অনেক সময় আদালতে মামলাও হয়। সেই জায়গা থেকে মেদিনীপুরের সরস্বতী পুজোকে ঘিরে এই পরিবেশ বছরের পর বছর ধরে অন্য এক নজির সৃষ্টি করে আসছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। শহরবাসীও চান, রাজনৈতিক বিরোধিতা থাকলেও সরস্বতী পুজোকে ঘিরে এমন মেলবন্ধনের পরিবেশ যেন বরাবর বজায় থাকে মেদিনীপুরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *