আদালত অবমাননার মামলায় এক সচিবের এমন যুক্তি শুনে তেলে কার্যত ক্ষোভ প্রকাশ করে আদালত। এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলাটি ওঠে। সেখানে এই যুক্তি শুনে রীতিমতো তেতে ওঠেন বিচারপতি। তিনি এদিন বিরক্তির সঙ্গে বলেন, ‘তাঁর বিরদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। তারপরে দেখব কোন শব্দ হৃদয় থেকে বার হয়, আর কোনটা ঠোঁট থেকে।’
আদালতের একের পর এক নির্দেশ কার্যকর না করায় তলব করা হয়েছিল ওই সচিবকে। কিন্তু, তাঁর আচরণকে ঔদ্ধত্য হিসেবেই দেখছে হাইকোর্ট। ওই সচিবের বিরুদ্ধে রায় লিখে বিধাননগর সিটি পুলিশকে নির্দেশ দেওয়া হয়, আগামী সোমবার তাঁকে বেলা সাড়ে দশটায় এজলাসে হাজির করতে হবে। রাজ্যের আইনজীবী বারংবার আবেদন করেছিলেন যাতে এই নির্দেশ না দেওয়া হয়। বিষয়টি নিয়ে একাধিকবার আবেদন করেন তিনি।
তাঁর আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, একটি মাত্র শর্তে এই নির্দেশ ভেবে দেখা হবে যদি ওই সচিব বেলা দুটোর সময় এসে হাজির হন এজলাসে।
আইনজীবী মহলের একাংশের কথায়, ‘প্রত্যেক মামলার প্রেক্ষাপট, বিচার্য বিষয় আলাদা হয়। তাই আইনজীবীদের বিভিন্ন সময় একাধিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। কিন্তু, এই ধরনের ঘটনা হয়তো অনেক তাবড় তাবড় আইনজীবীও তাঁদের অভিজ্ঞতার ঝুলি থেকে বার করতে পারবে না।’
