Debangshu Bhattacharya : ‘খেলা’র ধাক্কায় ঝরে গেল মেদ! – lok sabha election 2024 profile of tamluk tmc candidate debangshu bhattacharya


এই সময়: তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের দাবি, প্রচারপর্বে এতই খাটছেন যে, তাঁর প্রায় ন’কেজি ওজন কমে গিয়েছে। তমলুকের মাটি বলে কথা! শুভেন্দু অধিকারীর খাসতালুক। অন্যতম প্রতিপক্ষ বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘হেভিওয়েট’ তকমা দিচ্ছেন অনেকে। লড়াইয়ে সমানতালে রয়েছেন বামপ্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ও। অতএব মেদ ঝরারই কথা।একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলের মুড সেট করে দিয়েছিলেন তাঁর বিখ্যাত ছড়া ‘খেলা হবে’ দিয়ে। কিন্তু সেবার প্রার্থী হতে না-পারায় দেবাংশুকে নিয়ে ট্রোলের বন্যা বয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ট্রোলারদের সেই ‘আক্ষেপ’ পূরণ করেছে তৃণমূল। তমলুকের মতো কঠিন খেলায় বেছে নেওয়া হয়েছে ‘খেলা হবে’র স্রষ্টাকেই। ট্রোলারদের এতেও ঠেকিয়ে রাখা যায়নি।

টিকিট পাওয়ার পরেও তাঁকে নিয়ে চর্চা এবং ট্রোলের শেষ নেই। এ সব দেখে আর শুনে দেবাংশুর সহাস্য উক্তি, ‘আমিই তো লোক ভাড়া করে রেখেছি এই ট্রোল করার জন্য। এ-ও তো এক ধরনের প্রচারই!’ প্রার্থিপদ ঘোষণার পর থেকেই তিনি তমলুকে পড়ে রয়েছেন। সিপিএমের প্রার্থী নিমতৌড়িতে যে পার্টি অফিসে থাকেন, তার ঠিক পাশে একটি নতুন বাড়িতে ঘাঁটি গেড়েছেন।

প্রার্থী প্রোফাইল

আর ‘পড়শি’কে খোঁচা দিয়ে বলছেন, ‘আমি শুধু সায়নকে বলব, নিজেদের ভোটটা ভাই নিজেরা পেয়ে দেখাও। কতবার আর বিজেপিকে হারাতে তৃণমূলকে আর তৃণমূলকে হারাতে বিজেপিকে তোমাদের ভোটাররা ভোট দেবেন?’ দেবাংশুর চোখে শুভেন্দুর বিজেপিই এখানে মূল প্রতিপক্ষ। তবে প্রাক্তন বিচারপতিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ— ‘উনি প্রার্থী হয়ে সুবিধেই হয়েছে। উনি যে বিজেপির থেকে সুপারি নিয়ে হাইকোর্টে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। মানুষ এমন মুখোশধারী বিচারপতিকে চিনে নিয়েছেন।’

দেবাংশু, সায়নকে এগিয়ে দিয়েছে নেট দুনিয়ার ফেম, তবে ‘নবাগত’ অভিজিৎ

তবে এই জেলায় লড়াই কঠিন। তার চেয়েও কঠিন তমলুকের হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়ানো অবিশ্বাসের বাতাবরণ। কে যে তৃণমূল আর কে বিজেপি, তালগোল পেকে যাচ্ছে। অনেকে মনে করেন, এই জেলায় তৃণমূলকেও চালান শুভেন্দুই।

দেবাংশুর অবশ্য দাবি, ‘এটা শুভেন্দু আর তাঁর দলবলের তৈরি পারসেপশন। শুভেন্দুর আশেপাশে ঘোরা লোকজনই আমাকে ফোন করে তাঁর প্ল্যান ফাঁস করে দিচ্ছেন।’ জিতবেন? দেবাংশু দেখিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের প্রতি মানুষের আস্থাই তাঁকে এই কেন্দ্রে জিতিয়ে আনবে— প্রত্যয় এটাই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *