রবিবার রাতেই ল্যান্ডফল করে রিমেল সাইক্লোন। দক্ষিণবঙ্গের একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয় এই সাইক্লোনের জন্য। সেই সাইক্লোনের গতিবিধি, ক্ষয়ক্ষতির পরিমাণ, দুর্যোগ মোকাবিলার পুরো বিষয়টি দিল্লি থেকে তিনি পর্যবেক্ষণ করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। ঝড়ের মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন মোদী। অশোকনগরের একটি সভা থেকে তিনি বলেন, ‘আমাদের এনডিআরএফ ও বাকিরা ভালো কাজ করেছে। কেন্দ্রীয় সরকার সবদিক থেকে রাজ্য সরকারকে যতটা সম্ভব সাহায্য করছে।’
পালটা, মঙ্গলবার সন্ধ্যায় বেহালার একটি নির্বাচনী সভা থেকে মমতা বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী, মিথ্যা কথা বলাটা আপনার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে না। আপনি যদি বলেও থাকেন, অনুরোধ করব একবার ভেবে দেখুন, একথা বলা উচিৎ কি উচিৎ নয়? কাকে দিয়ে মনিটরিং করেছিলেন? NDRF কি করে?’
NDRF-এর কার্যপদ্ধতি সম্বন্ধে এদিন মমতা দাবি করেন, ‘এটা সেন্ট্রালের টিম, কিন্তু রাজ্যের কাছ থেকে টাকা নেয়। কোনও ঘটনায় সাহায্য করলে ৫০ শতাংশ টাকা নেয়। আমাদেরও টিম আছে SDRF। আপনি আমাকে NDRF দেখাচ্ছেন? আগামী দিন প্রয়োজন হলে NDRF নেব না।’ মমতার কথায়, ‘আমি ওঁদের টাকাও দেব, আর বড় বড় কথা বলবেন। ওঁদের তো এই কাজটি করার জন্যেই জন্ম। আজ যদি আগুন লাগে আপনি দমকলকে ডাকবেন না? এগুলো এমারজেন্সি বিভাগ। একটা মিটিংয়ে গিয়ে এত বড় মিথ্যা কথা।’ উল্লেখ্য, দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের সমর্থনে এদিন বেহালায় একটি নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
