আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস
হাওয়া অফিস জানচ্ছে, আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোটামুটি শুষ্ক আবহাওয়াই থাকবে শহর কলকাতায়। তারপর বিক্ষিপ্তভাবে হতে পারে হালকা বৃষ্টি। শুক্রবারও কলকাতায় একইরকম বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলাতেও আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া। পরবর্তীতে বুধবার এই জেলাগুলির মধ্যে শুধুমাত্র পূর্ব বর্ধমান ছাড়া বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।
এদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে আগামী ২ দিন অর্থাৎ মঙ্গল ও বুধবার কোথাও কোথাও হালকা, আবার কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পরবর্তীতে বৃহস্পতিবার ও শুক্রবারও এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। কোথাও বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আজকের তাপমাত্রা
উল্লেখ্য, আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.২ ডিগ্রি বেশি। সঙ্গে রয়েছে তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তি। সকাল থেকেই রোদের তেজ কার্যত জ্বালাপোড়া ধরাচ্ছে শরীরে। বেলা যত বেড়েছে, ততই বেড়েছে রোদের তেজ। এই পরিস্থিতিতে বৃষ্টি কবে নামতে পারে, সেই দিকে তাকিয়ে চাতক পাখির মতো অপেক্ষা করছে মানুষ। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত দীর্ঘমেয়াদী সেই স্বস্তি সম্ভবত অধরাই থাকবে শহর কলকাতা তথা দক্ষিণবঙ্গে মানুষের।
