West Bengal BJP,’৬ কেন্দ্রে পুরনো বিজেপি কর্মীরাই মাঠে নামেনি’, বঙ্গে ‘ভরাডুবি’ নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা – anupam hazra comments on bjp result in west bengal in lok sabha election


২০২৪ সালের লোকসভা ভোটে দলের সংগঠন কার্যত ‘শুয়ে পড়েছিল’ বলে আগেই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এমনকী অনেক বুথে এজেন্ট খুঁজতে হয়েছিল বলেও স্বীকার করে নিয়েছেন তিনি। আর এবার কোন কোন লোকসভা কেন্দ্রে দলের পুরনো কর্মীরা মাঠে নামেননি, তার তালিকা দিয়ে দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা।সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপম বলেন, ‘৮ মাস আগে যে কথাগুলো বলে দিয়ে গিয়েছিলাম, সেগুলি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ৬টি কেন্দ্রের নাম বলে দিচ্ছি, যেখানে পুরনো বা আদি বিজেপি কর্মীদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি বা তাঁরা মাঠেও নামেননি। সেগুলি হল, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, আসানসোল, বাঁকুড়া, যাদবপুর।’ তাঁর আরও দাবি, এই ৬ জায়গায় দলের পুরনো কর্মীদের মাঠে নামানো গেলে, আসনগুলি বাঁচান সম্ভব হত।

সেক্ষেত্রে এই ৬ কেন্দ্রে পুরনো কর্মীদের কেন মাঠে নামান হয়নি, তার কারণ দর্শাতে গিয়ে ‘লবিবাজি’র প্রসঙ্গ তুলে আনেন তিনি। অনুপম বলেন, ‘বঙ্গ বিজেপিতে কাজের থেকে লবিবাজি বেশি হয়। সবাই এখানে ইয়েস ম্যান পছন্দ করে। কাজের হোক বা না হোক, কাছের লোক হলেই এখানে পদ পাবেন।’ এই বিজেপি নেতার আরও কটাক্ষ, ‘অমিত শাহ ৩৫ আসনের টার্গেট দিয়েছিলেন। তবে আমার মনে হয় সেই টার্গেটটা তৃণমূল বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে। ফলে ওরা ২৯-এ পৌঁছে গিয়েছে। আর বঙ্গ বিজেপি সিরিয়াসলি নেয়নি, তাই ১২-তে আটকে গিয়েছে। সংগঠনের যা অবস্থা, ১২ থেকে ২-এ না ফিরে আসে!’

এদিন নাম না করে রাজ্য বিজেপির কয়েকজন নেতাকেও নিশানা করেন অনুপম হাজরা। বোলপুরে হারের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘সল্টলেকে বঙ্গ বিজেপির হেড কোয়ার্টারে একটা ঘুঘুর বাসা আছে। ২-৩টে ঘুঘু সেখানে এসি ঘরে সারাদিন, সারা বছর বসে থাকেন। ঘুঘুগুলোকে সন্তুষ্ট করেই অনেকে পদ পেয়েছে।’ অন্যদিকে ভোটের ফলাফলের পর বিজেপির হেড কোয়ার্টার থেকে তার কাছে ফোন এসেছে বলেও এদিন দাবি করেন অনুপম। তবে তিনি ফের কোনও পদে ফিরছেন কি না, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি তিনি।

উল্লেখ্য লোকসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া শিবিরের এমন ফলাফলের পর ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন দলের একাধিক নেতা নেত্রী। তার মধ্যে দিলীপ ঘোষের মতো নেতা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন জয়ী সাংসদ সৌমিত্র খাঁও। আর এবার অনুপমের মন্তব্য ঘিরে নতুন করে শোরগোল বঙ্গ রাজনীতিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *