জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সঠিক সময়েই ছেড়ে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এরপর নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে বলেই জানা গিয়েছে। যে কারণে, ট্রেনের পিছনের দিকের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। লাইন থেকে ছিটকে যাওয়া কামরা দুটি দুমড়ে মুচড়ে যায়। কলকাতা থেকে শিলিগুড়ির যোগাযোগের প্রধান লাইনেই এই দুর্ঘটনাটি ঘটে। স্বাভাবিকভাবেই, রেল পরিষেবা এই লাইনে ব্যাহত হয়েছে।
এমনিতেই, শিলিগুড়িতে মুষলধারে বৃষ্টি চলছে। সেই কারণে উদ্ধার কাজেও বেশ কিছুটা সমস্যা তৈরি হয়েছে। আপাতত দূরপাল্লার ট্রেন বন্ধ রাখা হয়েছে ওই লাইনে। বেশ কয়েকজন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। দ্রুতগতিতে উদ্ধার কার্য চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও গিয়ে উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন। ক্ষতিগ্রস্ত কামরা থেকে যাত্রীদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে।
