সোমবার সারা দেশে পালিত হয়েছে ঈদুজ্জোহা। খুশির ইদে বাড়ি ফেরার জন্য মুম্বই থেকে ট্রেন ধরেছিলেন হরিশ্চন্দ্রপুর থানার মিসকিনপুর গ্রামের বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক আসগর আলি। কিন্তু ৭ দিন পরও বাড়ি আসেননি তিনি। পরিযায়ী ওই তরুণ রহস্যজনকভাবে ট্রেন থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন। অনেক চেষ্টা করেও তাঁর কোনও খোঁজ মিলছে না। এমনকী তাঁর মোবাইল ফোনও বন্ধ। শেষে পুলিসের দ্বারস্থ হয়েছেন পরিবার। জানা গিয়েছে, ঈদুজ্জোহায় বাড়ি ফেরার জন্য ১৩ জুন হাওড়া মেল ধরেছিলেন ওই যুবক। ১৫ তারিখ সকালে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল আসগরের। কিন্তু গত ৭ দিন হয়ে যাওয়ার পরও বাড়ি আসেনি সে। তাঁর সঙ্গে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা।