প্রীতম চক্রবর্তী নামে দোকানের অপর এক কর্মী বলেন, ‘আগেও অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনাটা খুবই বড়। পুলিশ প্রশাসন সাহায্য করছে, কিন্তু দাদা ও তাঁর পরিবার খুবই আতঙ্কিত। আমরাও ভয়ে বেরোতে পারছি না। আমাদের উপরেও আক্রমণ করতে পারে। দাদাকে আমরা খুব ভালোবাসি, তিনিই আমাদের সবকিছু। তাই ওঁর সুরক্ষা আমাদের একান্ত কাম্য।’
প্রসঙ্গত, গত সোমবার দোকানে ব্যবসার কাজ সেরে বাড়ি ফেরার সময় ডি বাপি বিরিয়ানি-র কর্ণধার অনির্বাণ দাসকে ২টি বাইকে ৪ জন ধাওয়া করে বলে অভিযোগ। এমনকী এর আগে তাঁর কাছে ২০ লাখ টাকা তোলাও দাবি করা হয়। এই ঘটনার পরেই ব্যাপক আতঙ্কে অনির্বাণ দাস ও তাঁর গোটা পরিবার। গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছিন তিনি। এমনকী এই নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন অনির্বাণ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। উল্লেখ্যে, এর আগে ব্যারাকপুরে ডি বাপি বিরিয়ানি-র দোকানে গুলি চলার ঘটনা ঘটে। সেই সময় দোকানের সামনে এসে এলোপাথাড়ি গুলি চালায় ৩ দুষ্কৃতী। আর এবার দুষ্কৃতীদের ‘টার্গেট’ ডি বাপি বিরিয়ানি-র কর্ণধার অনির্বাণ দাস।
উল্লেখ্য, সাম্প্রতিককালে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বৃদ্ধির অভিযোগ উঠেছে। সম্প্রতি বেলঘরিয়ায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করেও গুলি চালানোর ঘটনা ঘটে। তাই একের পর এক এই ধরনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও বাড়ছে আতঙ্ক।
